আজকের দিনেতিলোত্তমা

রাষ্ট্রপতি সফরে ‘প্রোটোকল’ ভাঙেনি রাজ্য, নথিসহ স্বরাষ্ট্র মন্ত্রককে কড়া রিপোর্ট নবান্নের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরে কোনও নিয়ম বা প্রোটোকল লঙ্ঘন করা হয়নি— নথিসহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে স্পষ্ট জানিয়ে দিল রাজ্য সরকার। গত শনিবার আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনে রাষ্ট্রপতির উপস্থিতি ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।

​গত শনিবার রাষ্ট্রপতির সফরের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অভিযোগ তোলে যে, রাজ্য সরকার নির্ধারিত ‘প্রোটোকল’ এবং ভিভিআইপি নিরাপত্তার নিয়ম সংবলিত ‘ব্লু-বুক’ মানেনি। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়। এই অভিযোগের প্রেক্ষিতেই রবিবার পাল্টা তথ্য ও প্রমাণসহ জবাব পাঠিয়েছে নবান্ন।

​মুখ্যসচিবের পাঠানো রিপোর্টে প্রতিটি পর্যায়ের প্রশাসনিক সিদ্ধান্ত এবং ঘটনার ক্রমানুসারী রেকর্ড  পেশ করা হয়েছে।  রিপোর্টে জানানো হয়েছে, রাষ্ট্রপতিকে স্বাগত বা বিদায় জানানোর জন্য যে ‘লাইনআপ’ তৈরি করা হয়েছিল, তা রাষ্ট্রপতির সচিবালয় এবং নবান্নের যৌথ আলোচনার মাধ্যমেই স্থির হয়েছিল। সেই তালিকায় মুখ্যমন্ত্রীর নাম ছিল না। তালিকায় যাঁদের নাম ছিল, তাঁরা সকলেই উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ইতিপূর্বেই জানিয়েছেন যে, সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্যোক্তা কারা বা অনুষ্ঠানের বিষয়বস্তু কী, সে সম্পর্কে তাঁকে বিস্তারিত জানানো হয়নি। গত ৫ মার্চ রাষ্ট্রপতির সচিবালয়ের প্রতিনিধিরা যখন এলাকা পরিদর্শন করেন, তখন আয়োজক বেসরকারি সংস্থার তরফে প্রস্তুতির খামতি ছিল। এই বিষয়টি জেলা প্রশাসনের তরফে লিখিতভাবে এবং ফোনেও রাষ্ট্রপতি ভবনকে জানানো হয়েছিল। অনুষ্ঠানের স্থান পরিবর্তনের বিষয়টিও কেন্দ্রকে আগেভাগেই জানানো হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

​কেন্দ্রের চিঠিতে ‘ব্লু-বুক’ লঙ্ঘনের যে অভিযোগ আনা হয়েছিল, তার জবাবে রাজ্য সরকার জানিয়েছে যে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস করা হয়নি। প্রতিটি প্রশাসনিক পদক্ষেপের সপক্ষে প্রয়োজনীয় দলিলাদি রিপোর্টে সংযুক্ত করা হয়েছে। ​”রাষ্ট্রপতির সম্মান এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার সর্বদা তৎপর। এ ক্ষেত্রে প্রোটোকল লঙ্ঘনের কোনও প্রশ্নই ওঠে না।” — নবান্ন সূত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *