দোল থেকেই ‘বসন্ত আজ বঙ্গে’, মহিলা ভোটে ঝাঁপাচ্ছে তৃণমূল
কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটের বাদ্যি কার্যত বেজে গিয়েছে। আর মাসখানেকের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মহিলা ভোটব্যাঙ্ককে আরও মজবুত করতে সক্রিয় হয়ে উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই দোলের দিন থেকে শুরু হচ্ছে একগুচ্ছ কর্মসূচি। ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’ নামে নতুন উদ্যোগের মাধ্যমে গত ১৫ বছরে রাজ্য সরকারের মহিলাদের জন্য নেওয়া নানা প্রকল্প ও পদক্ষেপের প্রচার চালানো হবে। যদিও দলের দাবি, এই কর্মসূচির সঙ্গে নির্বাচনের সরাসরি যোগ নেই।
আগামী ৩ মার্চ দোল পূর্ণিমার দিন বাড়ি বাড়ি গিয়ে আবির খেলে জনসংযোগের পরিকল্পনা নেওয়া হয়েছে। ৪ মার্চ হোলির দিন মূলত জেলা সদরগুলিতে রক্তদান শিবির আয়োজন করা হবে। এরপর ধাপে ধাপে মহিলাদের উন্নয়নমূলক বিভিন্ন সামাজিক প্রকল্প কীভাবে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ, সেই বার্তা তুলে ধরা হবে প্রচারে।
৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবসকে সামনে রেখেও দু’দিনের বিশেষ কর্মসূচি নিয়েছে দল। ৭ মার্চ জেলা সদরগুলিতে মিছিল হবে ‘ন্যায়, সম্মান সঙ্গে শান্তি, তার সঙ্গে আশা, নারী ক্ষমতায়নে দিদিই ভরসা’ এই ব্যানারে। কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের কর্মসূচি রয়েছে। ৮ মার্চ ‘লক্ষ্য ঘরে লক্ষ্মীরা’ কর্মসূচিতে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন তৃণমূল মহিলা কংগ্রেস-এর কর্মীরা।
প্রথম দিনের লক্ষ্যমাত্রা অনুযায়ী, রাজ্যের ৩ হাজার ৩৫৪টি অঞ্চলের প্রতিটিতে ২০টি করে বাড়ি এবং ১২৮টি পুরসভার ২ হাজার ৯৯৭টি ওয়ার্ডের প্রতিটিতে ১০টি করে বাড়িতে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে। সেখানে মহিলাদের জন্য চালু থাকা বিভিন্ন সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী প্রভৃতি সম্পর্কে তথ্য তুলে ধরা হবে।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এটা এমন নয় যে নির্বাচনকে কেন্দ্র করে করা হচ্ছে। অনেকে বলছেন ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বিষয়টি তা নয়। মানুষের কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রচেষ্টা সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এই কর্মসূচি।”
