বিধানসভা ভোটের আগে লালবাজারের বিশেষ তৎপরতা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তিলোত্তমায় নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কোমর বেঁধে নামল লালবাজার। নির্বাচন ঘোষণা না হলেও, কোনো ধরনের অশান্তি বা হিংসার ঘটনা এড়াতে আগেভাগেই সক্রিয় হয়েছে কলকাতা পুলিশ। শহরজুড়ে শুরু হয়েছে ‘অপারেশন ক্লিনআপ’। গোয়েন্দা বিভাগ ও লালবাজার সূত্রের খবর, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই ৮৩ জন ‘দাগি’ দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে, যারা ভোটের সময় ঝামেলা পাকানোর সম্ভাবনা রাখে।
কিছুদিন আগেই কলকাতার নগরপাল প্রতিটি থানার অ্যান্টি রাউডি অফিসারদের নির্দেশ দিয়েছিলেন নিজ নিজ এলাকার সমাজবিরোধীদের গতিবিধি এবং বিস্তারিত তথ্যসহ একটি ‘রাফ রেজিস্টার’ বা বিশেষ ডাইরি জমা দিতে। সোমবার সেই তালিকা লালবাজারে জমা পড়েছে। গোয়েন্দা শাখার আধিকারিকদের সহায়তায় ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনের হিংসার খতিয়ান ও চার্জশিট বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে।
পুলিশের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, কলকাতার বেশ কিছু এলাকাকে বিশেষ সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় সবচেয়ে বেশি দুষ্কৃতীর নাম উঠে এসেছে যে এলাকাগুলি থেকে।
বেহালা ও সাউথ-ইস্ট ডিভিশন: প্রতিটি এলাকায় ১১ জন করে দাগি দুষ্কৃতী।
ভাঙড় ও ইস্ট ডিভিশন: ১০ জন করে চিহ্নিত দুষ্কৃতী।
এছাড়াও কড়েয়া, তপসিয়া, বেলেঘাটা, ফুলবাগান এবং পর্ণশ্রী এলাকার দুষ্কৃতীরা লালবাজারের কড়া নজরে রয়েছে।
লালবাজার সূত্রে জানানো হয়েছে, চিহ্নিত ৮৩ জনের মধ্যে ইতিমধ্যেই ৬৪ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। বাকি ১৯ জনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। “ভোট যত এগিয়ে আসবে, এই তালিকা আরও দীর্ঘ হতে পারে। পুরোনো জামিন অযোগ্য পরোয়ানা দ্রুত কার্যকর করার পাশাপাশি পলাতক দুষ্কৃতীদের সম্পত্তি ক্রোক করার নির্দেশও দেওয়া হয়েছে,” জানান এক পুলিশ আধিকারিক। নির্বাচন কমিশনের সঙ্গে পুলিশ ও রাজ্য প্রশাসনের বৈঠকের আগেই এই প্রাথমিক তালিকা তৈরি সেরে রাখতে চাইছে লালবাজার। প্রথম দফার ভোটার তালিকা প্রকাশের পর থেকেই শহরের প্রতিটি অলিগলিতে নজরদারি বাড়িয়েছে গোয়েন্দা বিভাগ।
