Social Media-Instagram : হঠাৎ স্তব্ধ ইনস্টাগ্রাম, বিপাকে ইউজাররা !
কিউ ইন্ডিয়া বাংলা :- বিশ্বজুড়ে বৃহস্পতিবার সকালে আচমকাই পরিষেবা বন্ধ হয়ে যায় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। হঠাৎ এই বিভ্রাটে সমস্যায় পড়েন কোটি কোটি ব্যবহারকারী। কারও ক্ষেত্রে মোবাইল অ্যাপ আংশিকভাবে কাজ করলেও, ল্যাপটপ ও ডেস্কটপে ইনস্টাগ্রাম খুলতেই ভেসে ওঠে, ‘Sorry Something went Wrong’—এই বার্তা।
সাধারণ দিনের মতোই বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙে সোশাল মিডিয়ায় ঢুকতেই সমস্যার মুখে পড়েন বহু ইউজার। লগ ইন করা যাচ্ছে না, পোস্ট বা কমেন্ট করা যাচ্ছে না—এমন অভিযোগে ভরে ওঠে ডাউনডিটেক্টর। সেখানকার তথ্য অনুযায়ী, একসঙ্গে বিপুল সংখ্যক ব্যবহারকারী ইনস্টাগ্রামের পরিষেবা নিয়ে অভিযোগ জানান।
এই বিভ্রাট নিয়ে এক্স (পূর্বতন টুইটার)-এ ক্ষোভ উগরে দেন ইউজাররা। অনেকে স্ক্রিনশট শেয়ার করে লেখেন, কমেন্ট করতে গেলেই বারবার একই এরর মেসেজ আসছে। কেউ কেউ আবার দ্রুত সমস্যা মেটানোর দাবি জানান। আবার কেউ মজার ছলেই লেখেন, “ইনস্টাগ্রাম ডাউন কিনা বোঝার জন্য সবাই এখন ইনস্টাগ্রামেই ঢোকার চেষ্টা করছে।”
যদিও এই সমস্যা নিয়ে এখনও পর্যন্ত ইনস্টাগ্রামের তরফে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, বিভ্রাট কাটাতে কাজ শুরু করেছে টেকনিক্যাল টিম। কবে পুরোপুরি স্বাভাবিক হবে পরিষেবা, তা নিয়ে আপাতত অপেক্ষায় ইউজাররা।
