বাংলার আয়নাসুস্থ থাকুন

মানবতার নজির শাহনওয়াজের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মানুষের পাশে দাঁড়াতে গেলে ধর্মের পরিচয় নয়, প্রয়োজন হয় মানবিকতার। সেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কাঁথির দারুয়ার বাসিন্দা শাহনওয়াজ। পবিত্র রমজান মাসে রোজা রেখেও তিনি এগিয়ে এলেন এক প্রসূতির প্রাণ বাঁচাতে।

চণ্ডীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সরস্বতী বারিক নামে এক প্রসূতি। আচমকাই তাঁর এ বি পজ়িটিভ গ্রুপের রক্তের প্রয়োজন হয়। কিন্তু কাঁথি ব্লাড ব্যাঙ্কে ওই গ্রুপের রক্ত মজুত না থাকায় দুশ্চিন্তায় পড়ে যায় পরিবার। অসহায় অবস্থায় তারা সাহায্যের আশায় যোগাযোগ করে স্বেচ্ছা রক্তদাতাদের সংগঠন ‘ফেয়ার ফিল্ড এক্সলেন্স’-এর সদস্যদের সঙ্গে।
সংগঠনের সদস্য প্রিয়ম দত্ত খবর পেয়ে দ্রুত এ বি পজ়িটিভ রক্তদাতার খোঁজ শুরু করেন। কিন্তু নানা কারণে কয়েক জন সম্ভাব্য রক্তদাতা এগিয়ে না আসায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ঠিক তখনই সামনে আসেন শাহনওয়াজ। রমজানের রোজা রেখেও তিনি রক্ত দিতে রাজি হন। বৃহস্পতিবার সন্ধ্যায় রোজা ভাঙার পর সংগঠনের সদস্যদের সঙ্গে সোজা কাঁথি ব্লাড ব্যাঙ্কে পৌঁছে রক্তদান করেন তিনি।

শাহনওয়াজ জানান, “রোজা আমার ধর্মীয় বিষয়। আর রক্তদান আমার সামাজিক দায়বদ্ধতা। আমি যেমন আমার ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করি, তেমনই সমাজের প্রতি দায়িত্বও পালন করা উচিত বলে মনে করি।” তাঁর এই বক্তব্যেই স্পষ্ট—মানবতার কাছে ধর্মের বিভাজনরেখা কোনও বাধা নয়।

শাহনওয়াজের এই উদ্যোগে কৃতজ্ঞ সরস্বতীর পরিবার। তাঁদের এক আত্মীয় বলেন, “ভাবতেই পারিনি রোজা রেখেও কেউ এভাবে রক্ত দিতে এগিয়ে আসবেন। আমরা তাঁর কাছে চিরকৃতজ্ঞ।”
এই ঘটনা ফের মনে করিয়ে দিল মানুষের সেবা করাই আসল ধর্ম। মানবতার ডাকে সাড়া দিলে তবেই সমাজ সত্যিকার অর্থে এগিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *