ক্যানিং পূর্ব থেকেই প্রার্থী করতে হবে শওকতকে, দাবি তুলে বিক্ষোভ অনুগামীদের
কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল তৃণমূল ভবন থেকে রাজ্যের ২৯১ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক নতুন মুখ এবং একাধিক বিদায় বিধায়কদের আসন বদল করা হয়েছে এবারে। সেই তালিকা প্রকাশ হতেই দেখা যায় ভাঙ্গর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন শওকত মোল্লা। যিনি ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন গতবারে । বাহারুল ইসলামকে ক্যানিং পূর্বে এবারে প্রার্থী করেছে তৃণমূল। বহিরাগত প্রার্থী মানবো না এই স্লোগান তুলে বিক্ষোভে ফেটে পড়ে শওকত মোল্লার অনুগামীরা । ঘরের ছেলে শওকতকে আবার ক্যানিং পূর্বে প্রার্থী করতে হবে এই দাবি বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের ।
প্রসঙ্গত গতকাল ১৭ ই মার্চ মঙ্গলবার রাত থেকেই তৃণমূল কর্মীরা বিক্ষোভ শুরু করেন । জীবনতলা এলাকায় শুরু হয় সেই বিক্ষোভ। কর্মীরা, তার জ্বালিয়ে প্রতিবাদ শুরু করেন । বহিরাগত বাহারুল কে মানবো না এই স্লোগান তাদের । প্রসঙ্গত ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম ভাঙ্গরের কৃষি কর্মাধ্যক্ষ । তিনি ভাঙড়ের নেতা ক্যানিং পূর্বের নন যার কারণে তৃণমূল কর্মীদের এই প্রতিবাদ বলে দাবি বিক্ষোভকারীদের একাংশের। ঘরের ছেলে শওকত মোল্লাকেই ফের প্রার্থী করতে হবে । এই দাবি নিয়ে দফায় দফায় বিক্ষোভ চলতে থাকে । গতকাল রাতের পর আজ সকালেও শওকত মোল্লা অনুগামীরা তার বাড়ির সামনে ক্যানিং পূর্ব কেন্দ্রে তাকে প্রার্থী করার দাবি নিয়ে প্রতিবাদ শুরু করে।
ঘটনায় মুখ খুলেছেন ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা। কার কথায় দল তাকে ক্যানিং পূর্বের বদলে ভাঙরে প্রার্থী করেছে । যেহেতু ক্যানিং পূর্বের কর্মীরা এই বিষয়টি নিয়ে সন্তুষ্ট নয় সেই জন্য দলের হাই কমান্ডের সঙ্গে তিনি কথা বলবেন এবং তারপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে ।
ঘটনাকে নিয়ে কটাক্ষ করেছেন সদ্য তৃণমূল ত্যাগী আরাবুল ইসলাম । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ” এটা প্রথম প্রশ্ন তোলা উচিত শওকত মোল্লা যদি ভাঙ্গরে এসে বহিরাগত না হয় তাহলে বাহারুল কিভাবে বহিরাগত হবে ? এই নাটকটা শওকত মোল্লা করছে, হার নিশ্চিত জেনে দলের লোকেদের তিনি বলে দিয়েছেন বিক্ষোভ করার জন্য , যাতে তিনি আবার ক্যানিং পূর্বে ফিরে আসতে পারেন” । যদিও আরাবুল ইসলামের মন্তব্যের কোন জবাব শওকত মোল্লা কিংবা বাহারুল ইসলামকে জবাব দিতে শোনা যায়নি এখনো ।
