Republic Day : সাধারণতন্ত্র দিবসের মহড়া চলাকালীন রেড রোডে ফের দুর্ঘটনা …..
কিউ ইন্ডিয়া বাংলা :- সাধারণতন্ত্র দিবসের আগে সেনা কুচকাওয়াজের মহড়া চলাকালীন ফের দুর্ঘটনা ঘটল রেড রোডে। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ একটি বিলাসবহুল গাড়ি দ্রুত গতিতে মহড়ার দিকে এগিয়ে আসতে দেখে পুলিশ। গাড়িটিকে থামানোর চেষ্টা করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গার্ডরেলে ধাক্কা মারে। পুলিশ সঙ্গে সঙ্গে চালক-সহ গাড়িটিকে আটক করে ময়দান থানায় নিয়ে যায়। এই ঘটনায় কেউ আহত হননি বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কালো রঙের ওই অক্টাভিয়া গাড়িটিতে ৩ থেকে ৪ জন কম বয়সি তরুণ-তরুণী ছিলেন। গাড়ির গতি ছিল অনেক বেশি। তবে গার্ডরেলে ধাক্কা লাগায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির কাগজপত্র পরীক্ষা করে বেশ কিছু গরমিল পাওয়া গেছে। গাড়িটির ইন্সিওরেন্স ও দূষণ সংক্রান্ত কাগজ সঠিক ছিল না বলেই প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
এই ঘটনায় কেউ আহত না হলেও ফের মনে পড়ে গেল ২০১৬ সালের ভয়াবহ দুর্ঘটনার কথা। ওই বছর ১৩ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের মহড়া চলাকালীন রেড রোডে এক বেপরোয়া অডি গাড়ির ধাক্কায় প্রাণ হারান বায়ুসেনা আধিকারিক অভিমন্যু গৌড়। সেই ঘটনার পর গোটা শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল।
শনিবারের ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও, সাধারণতন্ত্র দিবসের মতো গুরুত্বপূর্ণ সময়ের আগে নিরাপত্তা ও বেপরোয়া গাড়ি চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
