আজকের দিনেতিলোত্তমা

অবশেষে স্ক্রুটিনির বৈতরণী পার করলেন রাহুল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ-  শেষ পর্যন্ত কাটল আইনি জট। নথিপত্র সংক্রান্ত ত্রুটি সংশোধন হতেই রাজ্যসভা নির্বাচনে গৃহীত হল বিজেপি প্রার্থী রাহুল (বিশ্বজিৎ) সিনহার মনোনয়ন পত্র। শুক্রবার স্ক্রুটিনি শেষে হাসিমুখে বিধানসভা থেকে বেরোতে দেখা যায় তাঁকে। এর ফলে তাঁর সাংসদ হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

​বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেছিলেন রাহুল সিনহা। কিন্তু স্ক্রুটিনি প্রক্রিয়ার আগেই জানা যায়, তাঁর জমা দেওয়া নথিতে মামলা সংক্রান্ত একটি গুরুতর গলদ রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, শুক্রবার সকাল ১১টায় স্ক্রুটিনি শুরুর আগেই প্রয়োজনীয় সঠিক নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। ​আজ নির্ধারিত সময়ের আগেই বিধানসভায় পৌঁছে যান বিজেপি প্রার্থী। তবে জল্পনা বাড়ে যখন দেখা যায়, নির্বাচন কমিশনের প্রথা ভেঙে খোদ সিইও (CEO) মনোজ আগরওয়াল স্ক্রুটিনি চলাকালীন বিধানসভায় উপস্থিত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুললেও, শেষ পর্যন্ত রাহুলের সমস্ত নথি বৈধ বলে ঘোষণা করা হয়।

​মনোনয়ন গৃহীত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্ছ্বসিত রাহুল সিনহা জানান,“কমিশনের তরফে জানানো হয়েছে আগামী ৯ তারিখে সার্টিফিকেট দেওয়া হবে। আমি খুব খুশি। এরপর দল এবং সংসদীয় রাজনীতিতে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব।”

​তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষের প্রার্থী বিন্যাস এবং বিধানসভার পাটিগণিত অনুযায়ী, রাহুল সিনহার জয় আগে থেকেই নিশ্চিত ছিল। স্ক্রুটিনিতে মনোনয়ন পত্র বৈধ ঘোষণা হওয়ার পর এখন কেবল ৯ তারিখের আনুষ্ঠানিক শংসাপত্র পাওয়ার অপেক্ষা। দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর অবশেষে সংসদের উচ্চকক্ষে যাওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *