আজকের দিনেতিলোত্তমা

Police-Red Light : লাল আলো অমান্য করলেই জরিমানা, নতুন প্রযুক্তি আনছে ট্রাফিক পুলিশ …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ট্রাফিক আইন অমান্য করা নতুন কিছু নয়। শহরের রাস্তায় প্রায়ই দেখা যায়, লাল আলো জ্বললেও অনেক গাড়ি থামছে না। এর ফলেই বাড়ছে দুর্ঘটনা, যানজট এবং কখনও কখনও ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। এই প্রবণতায় লাগাম টানতেই এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা ট্রাফিক পুলিশ।

মহানগরী জুড়ে একাধিক ব্যস্ত ও দুর্ঘটনাপ্রবণ রাস্তায় বসানো হচ্ছে রেড লাইট ভায়োলেশন ডিটেকশন ক্যামেরা (আরএলভিডি)। প্রাথমিকভাবে শহরের ২০টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে এই অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা চালু করা হবে।

এই ক্যামেরাগুলিতে রয়েছে এএনপিআর (অটোমেটিক নম্বরপ্লেট রিকগনিশন) প্রযুক্তি। কোনও গাড়ি লাল সিগন্যাল অমান্য করলেই ক্যামেরায় ধরা পড়বে গাড়ির নম্বরপ্লেট, সময় এবং ঘটনার স্থান। সেই তথ্য সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে লালবাজারের ট্রাফিক সার্ভারে।

এরপর গাড়ির মালিকের মোবাইল নম্বরে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে জরিমানার নোটিশ পাঠানো হবে। ট্রাফিক সূত্রে খবর, অনলাইনেই জরিমানা মেটানোর ব্যবস্থা রাখা হবে, যাতে সাধারণ মানুষকে আর থানায় গিয়ে হয়রানি হতে না হয়।

এই পুরো ব্যবস্থাপনায় আনুমানিক ২.৫ কোটি টাকা খরচ হতে পারে। ট্রাফিক আইন অনুযায়ী, লাল সিগন্যাল অমান্য করলে ন্যূনতম এক হাজার টাকা জরিমানা হতে পারে।

ট্রাফিক পুলিশের দাবি, শহরের বেশিরভাগ দুর্ঘটনার পিছনে অন্যতম কারণ সিগন্যাল অমান্য করা। তাই প্রযুক্তির সাহায্যে নজরদারি বাড়িয়ে দুর্ঘটনা কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। পুলিশ প্রশাসনের মতে, এই ব্যবস্থা চালু হলে চালকদের মধ্যে আইন মানার মানসিকতা ও দায়িত্ববোধ আরও বাড়বে। ফলে শহরের রাস্তায় শৃঙ্খলা ফিরবে বলেই আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *