উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নতুন সভাপতি পার্থ
কিউ ইন্ডিয়া বাংলা :- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি হচ্ছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সহ-সচিব অধ্যাপক ড. পার্থ কর্মকার। শিক্ষাদপ্তর সূত্রে খবর, আগামী ২ মার্চের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। চলতি বছরের গোড়ায় অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য-কে যাদবপুর বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য করা হয়। এতদিন তিনি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ-এর সভাপতির পাশাপাশি উপাচার্যের দায়িত্বও সামলাচ্ছিলেন।
ড. পার্থ কর্মকারের দীর্ঘ অধ্যাপনা ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। অ্যাপ্লায়েড ম্যাথামেটিক্সে স্নাতকোত্তর এবং গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। কর্মজীবনের শুরু স্কুল শিক্ষক হিসেবে হলেও পরবর্তীকালে তিনি এ এম কলেজ ঝালদা, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, বিধাননগর গভর্নমেন্ট কলেজ, বেথুন কলেজ এবং মুড়াগাছা গভর্নমেন্ট কলেজ-এ অধ্যাপনা করেছেন।
এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের পাবলিক ইনস্ট্রাকশনের জয়েন্ট ডিরেক্টর পদেও দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক ও একাডেমিক দুই ক্ষেত্রেই তাঁর অভিজ্ঞতা নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে শিক্ষা মহল।
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবারই চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তার পরপরই সভাপতি পদে পরিবর্তনের ঘোষণা করল রাজ্য শিক্ষাদপ্তর। এ বছর প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ সেমেস্টার চলাকালীন বই প্রকাশে দেরি ও সিলেবাস সম্পূর্ণ না হওয়া নিয়ে অভিযোগ উঠেছিল। নতুন সভাপতির সামনে সেই চ্যালেঞ্জই এখন বড় দায়িত্ব হিসেবে দেখা দিচ্ছে।
