খাস কলকাতায় একের পর এক বিস্ফোরণ, ছাদ উড়ে গেল পাশের বহুতলে
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- সাতসকালে পাইকপাড়ায় পরপর বিস্ফোরণ। বিধানসভা ভোটের প্রাক্কালে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল শহর কলকাতার অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির টিনের চাল উড়ে যায়। উড়ে যায় পাশের বহুতলের ছাদে। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
স্থানীয় সূত্রে খবর, বন্ধ থাকা স্থানীয় ক্লাবে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় ওই বাড়িতে। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, পরিত্যক্ত ওই বাড়িতে কেউ বোমা রেখে গিয়েছিল। প্রোমোটিং বিবাদের কারণেই এখানে বোমা মজুত করা হতে পারে বলে ধারণা তাদের। বিস্ফোরণের ফলে কেঁপে ওঠে এলাকা ।ক্লাবের দেওয়াল ভেঙে যায় । বিস্ফোরণের কারণে আগুন ধরে যায় । ঘটনাস্থলে গিয়েছে দমকল। আগুন নেভানোর চেষ্টা চলছে। সাতসকালে একাধিক বিস্ফোরণে পাইকপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, ‘‘আমরা সকলে ঘুমোচ্ছিলাম। সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ খুব জোরে শব্দ শুনতে পাই। ছুটে বাইরে বেরিয়ে এসে দেখি, পাশের ক্লাবে আগুন জ্বলছে। এই ক্লাবটি অনেক দিন ধরে পরিত্যক্ত। আমরা চাই, এই ঘটনার পিছনে কারা পুলিশ খুঁজে বার করুক। দোষীদের খুঁজে না বের করা হলে যে কোনও মুহূর্তে আরও বড় দুর্ঘটনা ঘটাতে পারে তারা। তাদের চিহ্নিত করে যোগ্য শাস্তি যেন পুলিশ দেয় । বাচ্চাদের বাড়ি থেকে বেরোতে দিতেও আমরা ভয় পাচ্ছি।’’ ক্লাবের এক কর্মকর্তা বলেন, ‘‘ক্লাবটার উপর অনেক দিন ধরে অনেকের নজর রয়েছে। ক্লাবের জায়গা দখল নেওয়ার চেষ্টা করছে। আমি এটুকুই বলব, যাদের স্বার্থ আছে, তারাই এটা করেছে। পুলিশ খুঁজে বার করুক।’’ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ পিকেট এবং সিসি ক্যামেরা বসানোর দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের খবর পেয়ে ২০-২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকল। চিৎপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
সম্প্রতি রাজ্যে একাধিক জায়গায় বোমা উদ্ধার হয়েছিল । বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল এসেছিল নগরদায়রা আদালত, পাসপোর্ট অফিস এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এর মধ্যেই পাইকপাড়াতেও বিস্ফোরণ ঘটে গেল । সকালেই সেখানে পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড। তল্লাশি চলছে।
