খাওয়ার পাতে নয়, রূপচর্চায় সুপারহিট! চিনির ৫ ঘরোয়া স্ক্রাবে ফিরুক ত্বকের জেল্লা ….
কিউ ইন্ডিয়া বাংলা – শরীরের সুস্থতার কথা ভেবে অনেকেই এখন খাদ্যতালিকা থেকে চিনি বাদ দেন। অতিরিক্ত চিনি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, ওজন বৃদ্ধি পায়, এমনকি ত্বকেও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে খাওয়ার পাতে চিনি যতই খলনায়ক হোক, রূপচর্চার জগতে কিন্তু এটি একেবারে উল্টো ভূমিকা নেয়। বিশেষ করে প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে চিনির জুড়ি মেলা ভার। দানাদার গঠন ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষ, ময়লা ও অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে, ফলে ত্বক হয়ে ওঠে মসৃণ ও উজ্জ্বল। ঘরোয়া রূপটানে তাই চিনির ব্যবহার এখন বেশ জনপ্রিয়।
লেবু ও চিনির ম্যাজিক :- ত্বকের জেল্লা ফেরাতে লেবু ও চিনির মিশ্রণ অত্যন্ত কার্যকর। এক চামচ চিনির সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেললে ট্যান ও কালচে ভাব কিছুটা কমতে পারে। লেবু প্রাকৃতিক ব্লিচের মতো কাজ করে, আর চিনি আলতো স্ক্রাবিংয়ের মাধ্যমে ত্বক পরিষ্কার করে। চাইলে এতে সামান্য মধুও মেশানো যায়।
গ্রিন টি ও চিনির মিশ্রণ:- ব্রণপ্রবণ ত্বকের জন্য গ্রিন টি ও চিনির স্ক্রাব উপকারী হতে পারে। এক চামচ গ্রিন টি পাতা (বা ব্যবহৃত টি-ব্যাগের ভেতরের পাতা) এর সঙ্গে এক চামচ চিনি ও কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে হালকা হাতে মুখে ঘষুন। গ্রিন টির অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বককে সতেজ রাখতে সাহায্য করে এবং স্ক্রাবিং মৃত কোষ সরাতে সহায়ক।
ওটমিল ও চিনির স্ক্রাব :- তৈলাক্ত ত্বকের যত্নে ওটমিল ও চিনির মিশ্রণও ভালো কাজ করে। এক চামচ ওটমিলের সঙ্গে এক চামচ চিনি ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি অতিরিক্ত তেল শোষণ করতে এবং ত্বককে নরম রাখতে সাহায্য করে।
উজ্জ্বল ত্বক পেতে হলুদ ও চিনির স্ক্রাব ব্যবহার করা যায়। এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ চিনি ও সামান্য মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। পরে হালকা গরম জলে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে ত্বক কিছুটা উজ্জ্বল ও সতেজ দেখাতে পারে।
সময় কম থাকলে অর্ধেক টমেটোর উপর চিনি ছড়িয়ে সরাসরি মুখে আলতো করে ঘষতে পারেন। টমেটোতে থাকা প্রাকৃতিক উপাদান ত্বক টানটান রাখতে সাহায্য করে বলে মনে করা হয়।
তবে মনে রাখবেন, স্ক্রাব করার সময় কখনওই খুব জোরে ঘষবেন না। এতে ত্বকে জ্বালা, লালচে ভাব বা র্যাশ হতে পারে। সপ্তাহে এক থেকে দু’বারের বেশি স্ক্রাব না করাই ভালো। স্ক্রাবের পর অবশ্যই ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করুন এবং প্রয়োজনে বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন লাগান।
