আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

এসআইআর-এ মৃত ব্যক্তিদের পরিবারকে চাকরি দেবে নবান্ন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলার ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর ঘিরে তৈরি হওয়া বিতর্কের আবহে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এসআইআর প্রক্রিয়ার জেরে মৃত বা চরম হয়রানির শিকার পরিবারগুলির একজন সদস্যকে চাকরি দেওয়া হবে।

সূত্রের খবর, এসআইআর-সংক্রান্ত আতঙ্ক ও মানসিক চাপে মৃত ৫৬ জনের পরিবারের যে কোনও একজন সদস্যকে হোম গার্ড পদে নিয়োগের পরিকল্পনা নিয়েছে রাজ্য। ইতিমধ্যেই জেলা ধরে তালিকা প্রস্তুত করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দিকেই এগোচ্ছে নবান্ন।
শুধু মৃতদের পরিবারই নয়, এসআইআর চলাকালীন নাগরিক অধিকার ক্ষুণ্ণ ও হয়রানির অভিযোগ উঠেছে এমন আরও ৫টি পরিবারকেও চিহ্নিত করা হয়েছে। সেই পরিবারগুলির একজন সদস্যকেও একইভাবে চাকরি দেওয়ার কথা ভাবা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। রাজ্যের দাবি, এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক ছড়ানো হয়েছে।
অন্যদিকে, এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, এই ধরনের হোম গার্ডের চাকরি কোনও স্থায়ী সমাধান নয়। তিনি দাবি করেন, এই পদে বেতন কম, পেনশন বা গ্র্যাচ্যুইটির সুবিধা নেই এবং প্রতিবছর চাকরি নবীকরণ করতে হয়। অতীতে বহু সিভিক ভলান্টিয়ারের চাকরি নবীকরণ হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
এসআইআর ঘিরে রাজনৈতিক তরজা ক্রমেই তীব্র হচ্ছে। রাজ্যের এই ক্ষতিপূরণমূলক সিদ্ধান্তকে কেউ দেখছেন সহমর্মিতা হিসেবে, আবার বিরোধীদের দাবি এতে সমস্যার স্থায়ী সমাধান হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *