আজকের দিনেভারত

Nagpur : নাগপুরে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু অন্তত ১৭ শ্রমিকের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মহারাষ্ট্রের নাগপুর জেলায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল একটি বেসরকারি বিস্ফোরক প্রস্তুতকারী কারখানা। রবিবার ভোরে কাটোলের রাউলগাঁও এলাকায় অবস্থিত এসবিএল এনার্জি লিমিটেড-এর কারখানায় শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, এখনও চলছে উদ্ধারকাজ।

জানা গিয়েছে, শিল্প ও খনিতে ব্যবহারের জন্য ডেটোনেটর ও বিস্ফোরক তৈরির কাজ চলছিল কারখানায়। সকাল ৬টা থেকে ৭টার মধ্যে হঠাৎই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশপাশের এলাকা। বহু দূর পর্যন্ত শব্দ শোনা যায় এবং আকাশে উঠে যায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী। আতঙ্কে ছুটোছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ধ্বংসস্তূপে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়। দুর্ঘটনার সময় কারখানায় ২৫ থেকে ৩০ জন শ্রমিক উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের জেরে কারখানার একাধিক অংশ ভেঙে পড়েছে। এখনও কিছু শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। এক বার্তায় নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *