আজকের দিনেবাংলার আয়না

ভোট নয়, মেয়ের বিচারই একমাত্র লক্ষ্য’, অর্জুন সিংয়ের সাক্ষাতের পর জানালেন তিলোত্তমার বাবা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদ শুরু হওয়ার পর থেকেই তিলোত্তমার বাবা-মায়ের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে নানা কাটাছেঁড়া চলেছে। নবান্ন অভিযানের সময় থেকে শুরু হওয়া সেই ‘রাজনৈতিক যোগ’-এর জল্পনা বৃহস্পতিবার আরও একবার মাথাচাড়া দেয় যখন বিজেপি নেতা অর্জুন সিং তাঁদের বাড়িতে উপস্থিত হন। কিন্তু দীর্ঘক্ষণ আলোচনার পর বেরিয়ে এসে তিলোত্তমার বাবা স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নয়, তাঁর একমাত্র লক্ষ্য মেয়ের মৃত্যুর সুবিচার পাওয়া।

​বৃহস্পতিবার সকালে তিলোত্তমার বাড়িতে যান বিজেপি নেতা অর্জুন সিং। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ রুদ্ধদ্বার বৈঠক হয়। সাম্প্রতিক সময়ে তিলোত্তমার বাবা আক্ষেপ করেছিলেন যে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁরা তেমন কোনো সাহায্য পাননি। রাজনৈতিক মহলের ধারণা, সেই মানভঞ্জনের উদ্দেশ্যেই অর্জুন সিংয়ের এই সফর। তবে বাইরে বেরিয়ে অর্জুন সিং দাবি করেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সাক্ষাৎ ছিল এবং এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তিলোত্তমার বাবা বা মাকে বিজেপি প্রার্থী করতে পারে— এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। এদিন সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তরে তিলোত্তমার বাবা বলেন, ​”আমি ভোটে লড়তে চাই না। আমাদের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। আমরা শুধু চাই আমার মেয়ের সাথে যা হয়েছে, তার যেন সঠিক বিচার হয়।” তিলোত্তমার বাবার কথায় স্পষ্ট, বিভিন্ন রাজনৈতিক দল পাশে দাঁড়ালেও তাঁরা নিজেদের ‘অরাজনৈতিক’ গণ্ডিতেই সীমাবদ্ধ রাখতে চান।

​অর্জুন সিংয়ের সফর প্রসঙ্গে তিলোত্তমার বাবা মন্তব্য করেন যে, এতদিন কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কেউ না আসায় হয়তো তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তিনি আরও যোগ করেন যে, প্রার্থী হওয়ার কথা বলার মতো পরিস্থিতি বা মুখ তাঁদের নেই। শাসকদলের বিরুদ্ধে বারবার আঙুল উঠলেও, তিলোত্তমার পরিবার সব দলের সঙ্গেই সৌজন্য বজায় রেখে কেবল বিচারের দাবি জানিয়ে আসছেন। ভোটমুখী বাংলায় তিলোত্তমার বাবা-মাকে মুখ করে রাজনৈতিক ফায়দা তোলার যে চেষ্টা বিভিন্ন মহলে চলছিল, বাবার এই সাফ জবাবে তাতে আপাতত ইতি পড়ল। এখন দেখার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর তদন্ত আগামী দিনে তিলোত্তমার পরিবারকে কাঙ্ক্ষিত বিচার এনে দিতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *