Muder-Purulia : মাংস কিনতে বেরিয়ে নিখোঁজ প্রৌঢ়, উদ্ধার দেহ !
কিউ ইন্ডিয়া বাংলা :- মাংস কিনতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান এক প্রৌঢ়। কয়েক ঘণ্টা পর এলাকার এক রাস্তা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বাঘমুন্ডিতে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে।
মৃতের নাম সনাতন মাহাতো (৫৫)। তিনি বাঘমুন্ডি থানার পেড়েতোড়াং গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মাংস কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করতে থাকেন।
এরপর বাঘমুন্ডি থানার মুকরুপ গ্রামের কাছে রাস্তায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে এটি খুনের ঘটনা বলেই মনে করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
