বিদেশিহীন মহামেডানের বিরুদ্ধে আজ নামছে মোহনবাগান
কিউ ইন্ডিয়া বাংলা :- টানা দুই ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান। এবার তৃতীয় জয়ের লক্ষ্যে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে মহামেডানের বিরুদ্ধে নামছে মোহনবাগান। আজকের ম্যাচে ভালো ব্যবধানে জিতলে লিগ শীর্ষে যাওয়ার ও সুযোগ আছে সার্জিও লোবেরার ছেলেদের সামনে। ধারেভারে মোহনবাগানের থেকে মহামেডান অনেকখানি দুর্বল তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নন বাগান কোচ ।
একসময় মহামেডানকে তৃতীয় প্রধান বলা হতো। কিন্তু সেসব এখন অতীত, এখনকার মহামেডান আগের মহামেডানের ছায়াও নয়। মোহনবাগানের অথবা ইস্টবেঙ্গলের সঙ্গে মহামেডানের ম্যাচ কে এক সময় মিনি ডার্বি বলা হতো। কিন্তু বর্তমানে এই ম্যাচ নিয়ে বাড়তি উত্তাপ নেই । তবুও বাগান হেড স্যার লোবেরা সতর্ক। চলতি আইএসএল এ পরপর দুটি ম্যাচ জিতেছে মোহনবাগান। তবুও নিজেদের সেরা ছন্দ এখনো ধরতে পারেনি তারা । মহামেডানের বিরুদ্ধে কোন ভুল চান না কোচ । দলে খুব একটা পরিবর্তনের পক্ষপাতী নন তিনি। মহামেডানের বিরুদ্ধে গত দুই ম্যাচের দলই খেলাতে চান তিনি। এই ম্যাচে গোলের ব্যবধানও বাড়িয়ে নিতে চায় সবুজ মেরুন শিবির । অন্তত দুই থেকে তিন গোলের পার্থক্য হওয়া চাই এই ম্যাচে । এবারের আইএসএল লিগ ফরম্যাটে হচ্ছে, প্রতি ম্যাচে শুধু জয় নয় গোলের ব্যবধানও খুব গুরুত্বপূর্ণ। লিগের শেষে যে দলের পয়েন্ট বেশি হবে তারাই চ্যাম্পিয়ন হবে সেই কারণে এই ম্যাচ থেকে যত বেশি সংখ্যক গোল করা যায় সেই চেষ্টা করবে মোহনবাগান । প্রতিপক্ষ সম্পর্কে বাগান কোচের উক্তি কোন বিদেশী ফুটবলার না থাকলেও প্রতি ম্যাচে উজার করে দিচ্ছে মহামেডান ফুটবলাররা। গত ম্যাচে শক্তিশালী জামশেদপুর এফসি কে তারা যথেষ্ট বেগ দিয়েছিল । দলের ফুটবলারদের তাই সতর্ক করে দিয়েছেন তিনি।মোহনবাগানের এই মরশুমে আরো একটি গুরুত্বপূর্ণ দিক দিমিত্রি পেট্রাতোসের ফর্মে ফিরে আসা । মলিনা জমানায় দিমিকে অধিকাংশ সময় বেঞ্চে বসে কাটাতে হয়েছিল। লোবেরা কোচের হট সিটে বসতেই প্রথম একাদশে নিয়মিত দিমি। বিগত দুই ম্যাচে দলের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন । গোলের মধ্যে রয়েছেন বাগান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন । এই ম্যাচে তার দিকে নজর থাকবে। এছাড়া লিস্টন কোলাসো, মনবির সিং এখনো তাদের চেনা ছন্দে ফিরতে পারেনি তাদের কাছেও ফিরে আসার চ্যালেঞ্জ থাকবে এই ম্যাচে।
অপরদিকে একাধিক সমস্যায় জর্জরিত মহামেডান । দলের ফুটবলাররা নিয়মিত বেতন পাচ্ছেন না । কোচ মেহরাজউদ্দিন ওয়াডু ম্যাচের আগে সাংবাদিকদের জানান ” এবছর প্রাক মরশুম প্রস্তুতির সময় পায়নি দল । বেতন ঠিকঠাক না পেলেও ফুটবলাররা প্রতি ম্যাচে নিজেদের উজার করে দিচ্ছে। একেবারে নতুন দল আমাদের হাতে তাই রাতারাতি বড় সাফল্য আনা সম্ভব নয়। তবে ফুটবলারদের প্রশংসা প্রাপ্য ” । অপেক্ষাকৃত দুর্বল হলেও সাদা-কালো শিবির মোহনবাগানের বিপক্ষে ভালো ফুটবল উপহার দিতে চায়।
