AI সামিটে বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে খোঁচা মোদীর …..
কিউ ইন্ডিয়া বাংলা:- দিল্লির AI সামিটে যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি। বৈশ্বিক অনুষ্ঠানে এমন ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। আজ ২২ শে ফেব্রুয়ারি রবিবার উত্তরপ্রদেশের মিরাট থেকে এই নিয়ে কংগ্রেস শিবিরকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘আপনারা তো এমনিই নগ্ন। টি-শার্ট খোলার কী দরকার ছিল?’
গত ১৮ই ফেব্রুয়ারি বুধবার থেকে দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে ‘ইন্ডিয়া – এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। সমগ্র বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক থেকে শুরু করে, প্রযুক্তিগত ক্ষেত্রের সাথে যুক্ত শীর্ষ ব্যক্তিরা হাজির হয়েছেন সম্মেলনে।বিগত ২০ ফেব্রুয়ারি শুক্রবার আচমকা সেখানে ঢুকে পড়েন জনা দশেক যুব কংগ্রেস কর্মী। তারা অর্ধনগ্ন হয়ে AI সামিট এর মধ্যে ঢুকে পড়েন। প্রত্যেকের খালি গায়ে হাতে ধরা সাদা টি-শার্ট। কোনওটায় লেখা, ‘নরেন্দ্র মোদী আপস করেছেন।’ আবার কোনওটায় ‘এপস্টিন ফাইলস’, ‘ইন্ডিয়া-ইউএস ট্রেড ডিল’। কংগ্রেসকে উদ্দেশ্য করে মোদী বলেন ‘কংগ্রেস নিজের দেশকেই বদনাম করতে ব্যস্ত। শতাব্দী প্রাচীন দলটা আদর্শগত ভাবে কতটা দেউলিয়া হয়ে গিয়েছে, এই ঘটনায় সেটা স্পষ্ট।’ এখানেই থামেননি মোদী। , তিনি আরো বলেন ‘আমরা একটা আন্তর্জাতিক অনুষ্ঠান করলাম। কংগ্রেস আর তাদের ইকোসিস্টেম, নগ্ন রাজনীতি শুরু করল।’
বিক্ষোভের এই ঘটনায় দিল্লি পুলিশ ইতিমধ্যে কৃষ্ণ হরি, কুন্দন যাদব, অজয় কুমার এবং নরসিংহ যাদব নামে চার যুব কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করেছে ।
ঘটনার নিন্দা করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি বলেছেন “বিদেশি প্রতিনিধিদের সামনে দেশের সম্মানহানি হয়, এমন কিছু না করাই উচিত” । ঘটনার নিন্দা করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃনমূলের তারকা বিধায়ক বাবুল সুপ্রিয় ।
