আজকের দিনেবাংলার আয়নাভারত

Missing : ভিক্টোরিয়া–শিশু নিখোঁজ মামলায় কেন্দ্রকে সময়সীমা বাড়াল আদালত ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চন্দননগরের বসু পরিবারের রুশ বৌমা ভিক্টোরিয়া জিগালিনা ও তাঁর পাঁচ বছরের ছেলের খোঁজ এখনও মেলেনি। তাঁদের সন্ধান পেতে কেন্দ্র সরকারকে আরও চার সপ্তাহ সময় দিল দেশের শীর্ষ আদালত।

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হয়। কেন্দ্রের পক্ষে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশর্য ভাটি। তিনি আদালতে জানান, ভিক্টোরিয়া ও শিশুটিকে খুঁজে পেতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। আদালতের নির্দেশে ইন্টারপোলের রেড কর্নার নোটিসও জারি করা হয়েছে। পাশাপাশি মস্কোর ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। রাশিয়ার বিভিন্ন সূত্র সক্রিয় করা হয়েছে এবং কয়েক সপ্তাহ সময় পেলে বিস্তারিত স্টেটাস রিপোর্ট জমা দেওয়া সম্ভব হবে। সেই আবেদন মেনে আদালত কেন্দ্রকে চার সপ্তাহ সময় দেয়।

এই বিষয়ে আদালত জানায়, ওই শিশুর নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা কেন্দ্র সরকারের দায়িত্ব। পাশাপাশি রাশিয়ার তদন্তকারী সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখারও নির্দেশ দেয় শীর্ষ আদালত।

উল্লেখ্য, চন্দননগরের বাসিন্দা সৈকত বসু ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া রাশিয়ান তরুণী ভিক্টোরিয়া জিগালিনাকে বিয়ে করেন। তখন ভিক্টোরিয়া ভারতেই থাকতেন। বিয়ের পর দাম্পত্যে অশান্তি শুরু হয়। বসু পরিবারের দাবি, ভিক্টোরিয়ার বাবা একজন রুশ গুপ্তচর। অভিযোগ, বিয়ের পর একাধিকবার কলকাতায় ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দফতরে যাওয়ার আগ্রহ দেখান ভিক্টোরিয়া, যা থেকে সন্দেহ আরও বাড়ে। সৈকতের অভিযোগ, এই অশান্তির মধ্যেই ভিক্টোরিয়া তাঁদের সন্তানকে নিয়ে পালিয়ে যান। সেই ঘটনার পর থেকেই শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে আদালত।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, তারা এমন কোনও নির্দেশ দিতে চায় না যাতে ভারত ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়ে। তবে যেহেতু একটি শিশুর জীবন জড়িত, তাই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। আদালত আশা প্রকাশ করেছে, এটি যেন কোনও মানব পাচারের ঘটনা না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *