আজকের দিনেতিলোত্তমাসুস্থ থাকুন

Medical Book :অলৌকিক কি সত্যিই ঘটে? কলকাতায় প্রকাশ্যে এল অনুপ্রেরণার বই – ‘Touching Tomorrow – Miracles Do Happen’ .

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- মানুষ যখন বাস্তবতাকে মেনে নিয়ে নিরলস লড়াই চালিয়ে যায়, তখনই জন্ম নেয় অলৌকিক ঘটনা—এই ভাবনাকে সামনে রেখেই প্রকাশ্যে এল অনুপ্রেরণামূলক বই ‘Touching Tomorrow – Miracles Do Happen’। বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ কলকাতার প্রেস ক্লাবে বইটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বইটি যৌথভাবে লিখেছেন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা-র নিউরোরিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ডা: সুপর্ণ গঙ্গোপাধ্যায় এবং বিশ্বখ্যাত গবেষক ও উদ্যোক্তা ড. লাল ভাটিয়া (পিএইচডি)। স্ট্রোকসহ বিভিন্ন স্নায়বিক রোগের পর মানুষের ঘুরে দাঁড়ানোর বাস্তব অভিজ্ঞতা, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এবং মানবিকতার শক্তিই এই বইয়ের মূল বিষয়বস্তু।

এই বই কেবল একটি চিকিৎসা প্রতিষ্ঠানের সাফল্যের কাহিনি নয়, বরং অধ্যবসায়, ধৈর্য ও আশার এক মানবিক দলিল। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতার নিউরোরিহ্যাবিলিটেশন বিভাগ শুরু হয়েছিল মাত্র ছ’জন পেশাদারকে নিয়ে। সময়ের সঙ্গে সেই বিভাগ আজ ৭৫ জনেরও বেশি বিশেষজ্ঞের এক শক্তিশালী টিমে পরিণত হয়েছে। চিকিৎসা, গবেষণা, শিক্ষা এবং মানবিক মূল্যবোধ এই চার স্তম্ভের উপর দাঁড়িয়ে গড়ে ওঠা এই যাত্রার প্রতিফলন বইটির পাতায় পাতায় ধরা পড়েছে।

বইটিতে রোগীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা গড়ে তোলার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলা, সহ-পাঠক্রমিক কার্যকলাপ এবং সমাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার মাধ্যমে কীভাবে রোগীরা নতুন করে জীবনকে আপন করে নেন, তার বহু বাস্তব উদাহরণ উঠে এসেছে বইয়ের বিভিন্ন অধ্যায়ে।

‘Miracles Do Happen’—এই বার্তার মাধ্যমে বইটি জানাতে চায়, অলৌকিক মানে হঠাৎ ঘটে যাওয়া কোনও ঘটনা নয়। বরং নিরলস পরিশ্রম, ত্যাগ, ধৈর্য এবং বিজ্ঞান ও মানবিকতার সম্মিলিত প্রয়াসেই গড়ে ওঠে এই তথাকথিত ‘অলৌকিক’ সাফল্য।

বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতার প্রতিষ্ঠাতা ড. আর. পি. সেনগুপ্ত (ওবিই)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী মুনমুন সেন, প্রাক্তন আইপিএস ও কলকাতা ট্রাফিকের ডেপুটি কমিশনার এন. কে. সিং, সহ-লেখক ড. লাল ভাটিয়া (পিএইচডি), বাচি করকরিয়া সহ সমাজ ও চিকিৎসা জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *