মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে মমতার নির্বাচনী প্রচার, ঠাসা কর্মসূচি রাজ্যজুড়ে
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ- উত্তরবঙ্গের আবহাওয়া স্বাভাবিক হতেই কোমর বেঁধে নির্বাচনী ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া বিভ্রাটে প্রচার একদিন পিছিয়ে গেলেও, সংশোধিত সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার, ২৪ মার্চ থেকেই উত্তরবঙ্গ দিয়ে নিজের হাই-ভোল্টেজ প্রচার অভিযান শুরু করতে চলেছেন তিনি। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ। তার আগে দলীয় প্রার্থীদের সমর্থনে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝোড়ো সফর করবেন তৃণমূল নেত্রী।
মঙ্গলবার জলপাইগুড়ি পৌঁছে চালসার জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্চে একটি ঘরোয়া বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওইদিন চালসায় রাত্রিবাসের পর বুধবার থেকে শুরু হবে তাঁর আসল ‘অ্যাকশন’।
বুধবার: প্রথম জনসভা জলপাইগুড়ির ময়নাগুড়িতে।
এরপর শিলিগুড়ির দুটি কেন্দ্র— ডাবগ্রাম-ফুলবাড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতে প্রার্থীদের হয়ে প্রচার সারবেন তিনি।
উত্তরবঙ্গ সফর শেষ করেই মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ি দেবেন দক্ষিণবঙ্গে। সূচি অনুযায়ী-
২৬ মার্চ (বৃহস্পতিবার): শিলিগুড়ি থেকে সোজা অন্ডাল হয়ে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ও বীরভূমের দুবরাজপুরে জোড়া সভা।
২৭ মার্চ (শুক্রবার): বাঁকুড়া জেলার ছাতনা ও ওন্দা বিধানসভা কেন্দ্রে প্রচার।
২৮ মার্চ (শনিবার): পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ এবং পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশীপুরে জনসভা।
২৯ মার্চ (রবিবার): পুরুলিয়ার মানবাজার ও বাঁকুড়ার রায়পুরে দলীয় প্রার্থীদের হয়ে সওয়াল করবেন তিনি।
আগামী সপ্তাহের শুরুতেই মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন মেদিনীপুর বলয়ে।
৩০ মার্চ (সোমবার): পাঁশকুড়া পশ্চিম, ডেবরা ও নারায়ণগড়ে সভা।
৩১ মার্চ (মঙ্গলবার): পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা, গড়বেতা ও বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রচার।
১ এপ্রিল থেকে প্রচারের তেজ আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে তৃণমূল শিবির। এপ্রিল মাসের বাকি দিনগুলোর জন্য পৃথক মেগা পরিকল্পনা নেওয়া হচ্ছে দলের অন্দরে।
