ধরনামঞ্চে বিজেপিকে ‘হাতেনাতে’ ধরার হুঁশিয়ারি মমতার
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: এসআইআরে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা আজ চতুর্থ দিনে পা দিল। আর সোমবার সকালেই ধরনামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ধরনামঞ্চের আশেপাশে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে লিফলেট বিলি করছে বিজেপি। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের ‘হাতেনাতে’ ধরার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার সকালে মঞ্চ থেকেই দলীয় কর্মীদের সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি ধরনামঞ্চের কাছে লিফলেট বিলি করাচ্ছে। এদের হাতে নাতে ধরতে হবে। এরা ভোট চোর। শশী পাঁজাকে দায়িত্ব দিচ্ছি এদের বিরুদ্ধে এফআইআর করার জন্য। এখানে ওদের ঢোকার কোনও অধিকার নেই।” তিনি আরও যোগ করেন, “অন্যায় করলে ফোঁস করতে হয়। সবাইকে সতর্ক করছি, ধরনার জায়গায় নজর রাখুন।”
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নড়েচড়ে বসে পুলিশ ও তৃণমূল কর্মীরা। ধর্মতলা চত্বরে তল্লাশি চালিয়ে একজনকে ইতিমধ্যেই হাতেনাতে ধরা হয়েছে বলে খবর। জানা গেছে, এলাকার একটি দোকান থেকে বিজেপির ‘ব্রিগেড চলো’ কর্মসূচির বেশ কিছু লিফলেট উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য, আজ বিকেলেই ধরনামঞ্চে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একদিকে লিফলেট বিতর্ক এবং অন্যদিকে অভিষেকের উপস্থিতি— সব মিলিয়ে ধরনার চতুর্থ দিনে ধর্মতলার রাজনৈতিক তাপমাত্রা এখন তুঙ্গে।
