আজকের দিনেতিলোত্তমা

​জ্বালানি সংকট ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার পথে নামছেন মমতা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: দেশে ক্রমবর্ধমান রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং জ্বালানি সংকটের জেরে তৈরি হওয়া ‘অরাজক’ পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রকে দায়ী করে রাজপথে নামার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ মার্চ, সোমবার তিলোত্তমায় এক মহামিছিলের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী।

​তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টের সময় কলেজ স্কোয়ার থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হবে। চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে মিছিল শেষ হবে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে। খোদ মুখ্যমন্ত্রী এই মিছিলে নেতৃত্ব দেবেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পশ্চিম এশিয়া ও আরব দুনিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কিছুদিন কাটলেও কেন্দ্রীয় সরকার হাত গুটিয়ে বসেছিল। কোনো আগাম প্রস্তুতি বা বিকল্প পরিকল্পনা নেওয়া হয়নি। তাঁর কথায়, ​”গ্যাস মানুষের অতি প্রয়োজনীয় দ্রব্য। আজ যে সংকট তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রীয় সরকার। যুদ্ধ শুরু হওয়ার পর তারা নিশ্চিন্তে বসে ছিল।” ​সম্প্রতি গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের ব্যবধানের যে নতুন নিয়ম কেন্দ্র চালু করেছে, তার তীব্র সমালোচনা করেছেন মমতা। তিনি জানান, কোনো প্রস্তুতি ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ ও ভোগান্তি চরমে পৌঁছেছে।

​আরব দুনিয়ার যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পা দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে টান পড়েছে। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকা সত্ত্বেও কেন কেন্দ্র আগে থেকে সতর্ক হয়নি? কেনই বা দেশের গ্যাস ভাণ্ডারের প্রকৃত অবস্থা গোপন রাখা হচ্ছে?
​এদিকে পরিস্থিতি সামাল দিতে আজ বৃহস্পতিবার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বর্তমান পদক্ষেপ ও দাবিগুলি- রাজ্যের মজুত গ্যাস যাতে বাইরে পাঠানো না হয়, সে বিষয়ে ডিলারদের সতর্ক থাকতে বলা হয়েছে।  দেশে ঠিক কত পরিমাণ গ্যাসের ভাণ্ডার মজুত আছে, তা অবিলম্বে সংসদে জানানোর দাবি তুলেছেন মমতা। কেন্দ্রীয় ভাণ্ডারে থাকা গ্যাস যাতে প্রতিটি রাজ্যকে সমানভাবে বণ্টন করা হয়, সেই দাবিও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *