রেড রোডে সম্প্রীতির বার্তা মমতার, এনআরসি ইস্যুতে মোদীকে কড়া আক্রমণ
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: শনিবার ইদের সকালে কলকাতার রেড রোডের প্রার্থনা মঞ্চ থেকে একদিকে যখন সম্প্রীতি ও ঐক্যের সুর শোনা গেল, অন্যদিকে তেমনই রাজনৈতিক আক্রমণে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনআরসি এবং বিভেদের রাজনীতি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে নিশানায় নিলেন তাঁরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এনআরসি ইস্যুতে সরব হয়ে অভিযোগ করেন, বেছে বেছে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। সরাসরি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে তিনি বলেন, “আরব গিয়ে ওদের সঙ্গে গলা মেলান, আর দেশে ফিরে নাম কাটার কথা মনে পড়ে? সবার নাম কেটে দিচ্ছেন। আরবের সঙ্গে দোস্তিতে আমার আপত্তি নেই, কিন্তু এই দ্বিচারিতাতে আপত্তি আছে।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নিজেই ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’। এনআরসি নিয়ে লড়াই যে থামবে না, তা স্পষ্ট করে তিনি জানান, প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই আইনি লড়াই জারি থাকবে। তাঁর হুঙ্কার, “যাঁরা বাংলাকে টার্গেট করছে, তাঁরা জাহান্নমে যাক।”
মমতা বন্দ্যোপাধ্যায় যখন এনআরসি নিয়ে সুর চড়িয়েছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন জাতপাত ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। বাংলায় হিন্দু-মুসলিম দ্বন্দ্ব তৈরির চেষ্টার বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, “রমজানে রাম থাকলে, দিওয়ালিতে আলি আছে। যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখেই করওয়াচথ হয়। এটাই প্রকৃত ভারতবর্ষ।” প্রতিটি উৎসব আমাদের সবুর ও ভালোবাসা শেখায়। বাংলায় আমরা একে অপরের উৎসবে মেতে উঠি, এটাই আমাদের পরিচয়।
তৃণমূল নেত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন যে, সব সম্প্রদায়ের মানুষের পরিবারের সদস্য হিসেবেই তিনি এনআরসি-র বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। বাংলার সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষায় এই ‘অপশক্তি’র বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন তৃণমূলের দুই শীর্ষ নেতা।
