আজকের দিনেতিলোত্তমা

ছাব্বিশের লড়াইয়ে ‘ঘরের মেয়ে’র হুঙ্কার; ভবানীপুর থেকেই নির্বাচনী প্রচার শুরু করছেন মমতা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: ২০২৬ সালের মেগা লড়াইয়ের দামামা বেজে গেল। নিজের খাসতালুক ভবানীপুর থেকেই বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যা ৭টায় চেতলার অহীন্দ্র মঞ্চে একটি হাইভোল্টেজ কর্মিসভার ডাক দেওয়া হয়েছে, যেখান থেকে নির্বাচনী রণকৌশলের দিশা দেখাবেন খোদ দলনেত্রী।
​উক্ত সভায় উপস্থিত থাকার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম এবং ভবানীপুর কেন্দ্রের সমস্ত তৃণমূল কাউন্সিলরের। রাজনৈতিক মহলের মতে, এই সভা থেকেই গোটা রাজ্যের জন্য ভোটের সুর বেঁধে দেবেন মমতা।
​২০২১-এর উপনির্বাচনের সেই পরিচিত স্লোগান— ‘উন্নয়ন ঘরে ঘরে/ ঘরের মেয়ে ভবানীপুরে’— আবারও ফিরে এসেছে এই কেন্দ্রে। মমতার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই ভবানীপুরের অলিগলি ছেয়ে গিয়েছে পোস্টার ও ব্যানারে। গত কয়েক বছরে এই এলাকায় কী কী উন্নয়ন হয়েছে, তার খতিয়ান তুলে ধরাই এখন ঘাসফুল শিবিরের মূল লক্ষ্য।
​​ভবানীপুরে মমতার বিপক্ষে এবার লড়াই করছেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রটি রাজ্যের সবথেকে ‘হাইভোল্টেজ’ কেন্দ্রে পরিণত হয়েছে। জানা গেছে, কোনোভাবেই যেন বিরোধীদের প্ররোচনায় পা না দেওয়া হয়, সে বিষয়ে কর্মীদের সতর্ক করেছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। প্রচারের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘দুয়ারে জনসংযোগ’। প্রয়োজনে একই বাড়িতে দশবার যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে কর্মীদের।
​​সূত্রের খবর, রবিবারের সভায় একটি বিশেষ ইস্যু গুরুত্ব পেতে পারে। ভবানীপুর কেন্দ্রের প্রায় ৪৫ হাজার মানুষের নাম এসআইআর  তালিকা থেকে বাদ পড়েছে। এই বিষয়টিকে হাতিয়ার করে কীভাবে প্রচার চালানো হবে এবং বিরোধীদের আক্রমণ করা হবে, তার নির্দিষ্ট রূপরেখা আজ ঠিক করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই জেলায় জেলায় ঝোড়ো প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো।
​”বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে নিজস্ব ছন্দে ইতিবাচক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কর্মীদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *