আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ৫টি নতুন উন্নয়ন পর্ষদ মমতার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ- সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই রাজ্যের পিছিয়ে পড়া তথা আদিবাসী ও দলিত ভোটব্যাঙ্ক সুনিশ্চিত করতে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুন্ডা, কোরা, ডোম, কুম্ভকার ও সদগোপ সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি মেনে পাঁচটি পৃথক সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড  গঠনের কথা ঘোষণা করেছেন তিনি। মূলত এসটি, এসসি এবং ওবিসি সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার মানোন্নয়নই এই পদক্ষেপের প্রধান লক্ষ্য।
​শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই বোর্ডগুলি সংশ্লিষ্ট সম্প্রদায়ের ভাষা, ঐতিহ্য রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের প্রসারে বিশেষ ভূমিকা পালন করবে।
​নতুন কোন কোন পর্ষদ গঠিত হচ্ছে?
​মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নিম্নলিখিত পাঁচটি সম্প্রদায়ের জন্য আলাদা পর্ষদ তৈরি হচ্ছে:
​মুন্ডা (ST) উন্নয়ন পর্ষদ
​কোরা (ST) উন্নয়ন পর্ষদ
​ডোম (SC) উন্নয়ন পর্ষদ
​কুম্ভকার (OBC) উন্নয়ন পর্ষদ
​সদগোপ (OBC) উন্নয়ন পর্ষদ

​মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে লিখেছেন, “এই সম্প্রদায়গুলি বাংলার প্রাণবন্ত কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এই বোর্ডগুলি উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চাকরি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অনন্য ভাষা ও ঐতিহ্য রক্ষা করবে।”
​তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২০১৩ সাল থেকেই এই ধরণের বোর্ড গঠনের কাজ শুরু হয়েছে। সরকারের লক্ষ্য হলো সমাজের একেবারে প্রান্তিক স্তরে থাকা মানুষের মুখে হাসি ফোটানো। মুখ্যমন্ত্রীর কথায়, “মা-মাটি-মানুষের প্রতি আমাদের অঙ্গীকার, আমরা যে কোনও পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নে বদ্ধপরিকর।”

​রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের ফলের নিরিখে রাজ্যের বিভিন্ন অংশে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোট একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তাই বিধানসভা ভোটের আগে তফশিলি জাতি, উপজাতি ও ওবিসি ভোটারদের পাশে থাকার বার্তা দিতেই এই কৌশলগত ঘোষণা। এর ফলে সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে যেমন নতুন সুযোগ তৈরি হবে, তেমনই তাঁদের দীর্ঘদিনের সাংস্কৃতিক পরিচয় রক্ষার দাবিও স্বীকৃতি পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *