উত্তর ও দক্ষিণে প্রচারে ঝড় তুলতে নামছেন মমতা-অভিষেক
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। হাতে সময় মাত্র একমাস। আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ। আর এই লক্ষ্যেই জয়ের ধারা বজায় রাখতে কোমর বেঁধে নামছে রাজ্যের শাসক দল। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই রাজ্যের দুই প্রান্ত থেকে প্রচারের সুর বাঁধতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মিসভার মাধ্যমে প্রচারের সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি সোজা চলে যাবেন উত্তরবঙ্গে। আগামী মঙ্গলবার (২৪ মার্চ) আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের জনসভা দিয়ে উত্তরবঙ্গে প্রচার শুরু করবেন নেত্রী। একই দিনে তাঁর আরও দুটি হাই-ভোল্টেজ সভা করার কথা রয়েছে, মাটিগাড়া , ময়নাগুড়ি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চব্বিশের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কিছুটা জমি পুনরুদ্ধার করলেও বেশ কিছু পকেট এখনও বিজেপির শক্ত ঘাঁটি। সেই ‘গেরুয়া গড়’ ধসিয়ে দিতেই ভোটের একমাস আগে নিজে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী।
তৃণমূল নেত্রী যখন উত্তর সামলাবেন, তখন দক্ষিণবঙ্গের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় প্রথম জনসভা করবেন তিনি। তবে সবার নজর থাকবে ২৫ মার্চের কর্মসূচির দিকে। ওইদিন দুই মেদিনীপুর চষে বেড়াবেন অভিষেক। তাঁর ঠাসা কর্মসূচিতে রয়েছে, দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে জনসভা।
একুশের নির্বাচনের কেন্দ্রবিন্দু নন্দীগ্রামে এবারও লড়াই সেয়ানে সেয়ানে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে তাঁরই একদা ঘনিষ্ঠ পবিত্র করকে। এই কেন্দ্রে জয় ছিনিয়ে নিতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন অভিষেক।
২৪ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার, মাটিগাড়া, ময়নাগুড়ি
২৪ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাথরপ্রতিমা (দক্ষিণ ২৪ পরগনা)
২৫ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাসপুর, কেশিয়াড়ি, নারায়ণগড় ও নন্দীগ্রাম
২৬, ২৮ ও ৩১ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ৯টি বিধানসভা কেন্দ্রে সভা ও রোড শো
প্রথম দফার ভোটের আগে গোটা মাস জুড়েই জেলায় জেলায় নিবিড় জনসংযোগ ও ঝোড়ো প্রচারের পরিকল্পনা সেরে ফেলেছে ঘাসফুল শিবির। এখন দেখার, এই প্রচারের ঢেউ ২৩ এপ্রিলের ব্যালট বক্সে কতটা প্রভাব ফেলে।
