LPG ই-কেওয়াইসি বাধ্যতামূলক: ভর্তুকি ও গ্যাস সরবরাহ সচল রাখতে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশিকা
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি: রান্নার গ্যাসের অপব্যবহার রুখতে এবং ভর্তুকি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এখন থেকে সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলা এবং প্রকৃত গ্রাহকদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মতে, অনেক ক্ষেত্রে দেখা যায় একজন গ্রাহকের নামে একাধিক সংযোগ রয়েছে বা মৃত ব্যক্তিদের নামেও ভর্তুকি তোলা হচ্ছে। এই ধরণের জালিয়াতি আটকাতেই আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য যাচাই করা হবে। মূলত ভর্তুকি প্রক্রিয়া সুগম করা এবং গ্যাসের কালোবাজারি রুখতে এই ব্যবস্থা। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সহজ করা হয়েছে। এর জন্য ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।
মোবাইল অ্যাপের মাধ্যমে: ইন্ডিয়ান অয়েল, এইচপি বা ভারত গ্যাস—আপনার গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে বাড়িতে বসেই যাচাইকরণ করা যাবে।
আধার ফেসআরডি : স্মার্টফোন ব্যবহারকারী গ্রাহকরা গুগল প্লে-স্টোর থেকে ‘Aadhaar FaceRD’ অ্যাপটি ডাউনলোড করে ফেস স্ক্যানের মাধ্যমে সহজেই ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন।
যাঁরা স্মার্টফোন ব্যবহারে স্বচ্ছন্দ নন, তাঁরা সরাসরি সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে যেতে পারেন। সেখানে, আঙুলের ছাপ অথবা চোখের মণি বা আইরিস স্ক্যানের মাধ্যমে পরিচয় যাচাই করার ব্যবস্থা রয়েছে।
সতর্কতা: ই-কেওয়াইসি না করলে কী হবে? মন্ত্রক স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে, এলপিজি সিলিন্ডারের রিফিল বুকিং ব্যাহত হতে পারে।
ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা গ্যাসের ভর্তুকি স্থগিত করে দেওয়া হতে পারে।
