নন্দাইয়ের সঙ্গে লিভ-ইন, বধূর দেহ মিলল জলাজমিতে, প্রেমিক গ্রেপ্তার
কিউ ইন্ডিয়া বাংলা :-:বিবাহিত জীবন ছেড়ে নন্দাইয়ের সঙ্গে লিভ-ইন শুরু করেছিলেন এক বধূ। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। কয়েক দিনের মধ্যেই ঘটে যায় ভয়াবহ পরিণতি। ফলতা থানার এলাকায় এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই।
গত সোমবার ফতেপুর বাইপাস-এর রামনগর পোলের ধারে একটি জলাজমির পাশ থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার অন্তর্বাসের ভিতর থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তাতে মৃত্যুর জন্য স্বামী ও বাবা-মাকে দায়ী করা হয়েছিল। সেই সূত্র ধরেই তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে প্রেমিক স্বরূপ ভান্ডারীর নাম। জানা যায়, মৃতার নাম সুপ্রিয়া মণ্ডল। তিনি ফলতা থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দেবীপুরের বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছিল দোস্তিপুরের বাসিন্দা প্রসেনজিতের সঙ্গে। কিন্তু দাম্পত্য জীবন সুখের ছিল না বলে অভিযোগ। পরে তিনি নন্দাই স্বরূপ ভান্ডারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন এবং একসময় তাঁর সঙ্গে ঘর ছাড়েন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেহালার একটি ভাড়াবাড়িতে স্বরূপের সঙ্গে লিভ-ইন শুরু করেছিলেন সুপ্রিয়া। কিন্তু সেই সম্পর্কেও অশান্তি শুরু হয়। গত রবিবার রাতে ঝগড়া চরমে ওঠে। অভিযোগ, এরপর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন সুপ্রিয়া।
এই ঘটনার পর ভয় পেয়ে যান স্বরূপ। পুলিশ দাবি করেছে, তিনি প্রথমে তাঁর মা-বাবাকে খবর দেন। তারপর মোটরবাইকে করে দেহটি বাইপাসের ধারে জলাজমির পাশে ফেলে আসেন। আরও অভিযোগ, যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে, সেটিও নাকি স্বরূপই লিখেছিলেন তদন্ত ভিন্ন খাতে ঘোরাতে।
প্রমাণ লোপাট ও মৃতদেহ গায়েবের চেষ্টার অভিযোগে স্বরূপ ভান্ডারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর মা-বাবার খোঁজে তল্লাশি চলছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে ফলতা থানার পুলিশ।
