আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

ফের কাঁপল কলকাতা, উৎস খুলনা — ৪৫ সেকেন্ড কম্পনে আতঙ্ক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ফের ভূমিকম্পে কেঁপে উঠল তিলোত্তমা। শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ কলকাতায় কম্পন অনুভূত হয়। প্রাথমিক অ্যালার্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০। উৎসস্থল কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে বাংলাদেশের খুলনায়। টানা প্রায় ৪৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হওয়ায় বহুতল আবাসন ও অফিস চত্বর থেকে আতঙ্কে নেমে আসেন শয়ে শয়ে মানুষ।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কম্পন টের পাওয়া যায়। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি পুরনো বাড়ি হেলে পড়ার খবর মিলেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে এখন পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিট নাগাদ কলকাতার বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী সেই কম্পনের উৎসস্থল ছিল মায়ানমার। তারও আগে গত বছরের নভেম্বর মাসে সকাল ১০টা ৮ মিনিট নাগাদ কেঁপে ওঠে দক্ষিণবঙ্গ। সেবার কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭, উৎস ছিল বাংলাদেশের নরসিংদীর কাছে, মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে। প্রায় ৩০ সেকেন্ড ধরে স্থায়ী সেই কম্পনের প্রভাব পড়েছিল পশ্চিমবঙ্গ জুড়ে।
এবারের কম্পনের স্থায়িত্ব তুলনায় অনেক বেশি হওয়ায় আতঙ্ক ছড়ায় শহরজুড়ে। যদিও এখনও পর্যন্ত কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্য কোথাও প্রাণহানির খবর মেলেনি। ভূমিকম্পের মুহূর্তের একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *