আজকের দিনেবাংলার আয়না

‘পবিত্র শুক্রবারে জিহাদ’ হুমকি মেল, ফের জেলায় জেলায় পোস্ট অফিসে বোমাতঙ্ক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ফের জেলায় জেলায় বোমাতঙ্ক ছড়াল। শুক্রবার সকালে হাওড়া, আসানসোল, বাঁকুড়া ও কাটোয়া-সহ একাধিক এলাকার পোস্ট অফিসে পৌঁছে যায় হুমকি ই-মেল। সেখানে সকাল ১১টার মধ্যে অফিস ফাঁকা করার নির্দেশ দিয়ে লেখা হয়, ‘পবিত্র শুক্রবারই আসল জিহাদ।’ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকাগুলিতে।

হুমকি মেল পাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় ফাঁকা করে দেওয়া হয় পোস্ট অফিসগুলি। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড ও পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান।

গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় কখনও পোস্ট অফিস, কখনও আদালতে পৌঁছে যাচ্ছে এমন হুমকি মেল। মেলে দাবি করা হয়েছে, অফিসের ভিতরে সায়ানাইড ও আরডিএক্স মজুত রাখা হয়েছে এবং নির্দিষ্ট সময়ে বিস্ফোরণ ঘটবে। ই-মেলে সময়ও বেঁধে দেওয়া হচ্ছে। ফলে মুহূর্তের মধ্যে কাজ বন্ধ করে খালি করে দেওয়া হচ্ছে দপ্তর। নামানো হচ্ছে বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর। তবে এখনও পর্যন্ত কোথাও কোনও বিস্ফোরক মেলেনি।

শুক্রবারও সকাল এগারোটার কিছু আগে হাওড়া মেন পোস্ট অফিস-সহ আসানসোল, বাঁকুড়া ও কাটোয়ার ডাকঘরে একই ধরনের হুমকি মেল পৌঁছয়। সেখানে দাবি করা হয়, আরডিএক্স ও সায়ানাইডের মিশ্রণে তৈরি বিস্ফোরক প্ল্যান্ট করা রয়েছে এবং ঠিক দুপুর ১২টা ১০ মিনিটে বিস্ফোরণ ঘটবে। তাই ১১টার মধ্যে অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়।

হাওড়া পোস্ট অফিস কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই খবর দেয় বম্ব স্কোয়াডকে। যদিও আসানসোল ডাকঘর কর্তৃপক্ষ প্রথমে বিষয়টিকে ততটা গুরুত্ব দিতে নারাজ ছিল বলে জানা গিয়েছে। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ ও বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।

পরপর চারদিন ধরে রাজ্যজুড়ে এভাবে হুমকি মেল পৌঁছনোর ঘটনায় প্রশ্ন উঠছে এর নেপথ্যে কে বা কারা? পরিকল্পিতভাবে ভুয়ো ই-মেল পাঠিয়ে কি আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে? নাশকতার কোনও বৃহত্তর ছক রয়েছে কি? ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *