ভবানীপুরে আমিই জিতব, ভোটের আগেই হুংকার মমতার !
কিউ ইন্ডিয়া বাংলা :- এসআইআর এর চূড়ান্ত তালিকায় বাদের খাতায় প্রায় ৬৩ লক্ষ নাম । যার মধ্যে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭,০০০ ভোটারের নাম বাদ গিয়েছে। আর সেই চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রথমবার মুখ খুলে কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। পরিষ্কার করে বলে দিলেন রাজ্যের নির্বাচনে তৃণমূলের ওপর কোন প্রভাব ফেলতে পারবে না এসআইআর। ভবানীপুরে আমিই জিতবো ।
এদিনের সভা থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে পক্ষপাতদুষ্ট বলে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম ভ্যানিশ করা হচ্ছে নাম না করে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া প্রসঙ্গে, মমতা বলেন ” ভবানীপুর ছোট কেন্দ্র। সেখানে মাত্র ২ লক্ষ ৬ হাজার ভোটার রয়েছে । প্রথমে সেখান থেকে ৪৪ হাজার এবং পরে আরো ভোটারদের নাম বাদ দিয়েছে। তাহলে ভোটার থাকলো কোথায় ? ভবানীপুরে আমিই জিতব । এক ভোটে হলেও জিতব । সেই বিশ্বাস ও ভরসা আছে ” ।
এস আই আর এর চূড়ান্ত তালিকা অনুসারে এখনো ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন পর্যায় রয়েছে। এই বিষয়টি নিয়েও কমিশন ও বিজেপিকে একযোগে বিধেছেন তৃণমূলের সুপ্রিমো । এদিনের সভা থেকে তিনি বলেন যাদের নাম বাদ গিয়েছে তারা সাধারণ মানুষ তাদের কোন ভুল নেই। । যা কাগজ ছিল তারা জমা দিয়েছেন তার পরেও নাম বাদ গিয়েছে। ভোটার তালিকায় বিচারাধীন থাকায় অনেকের মৃত্যুর খবরও সামনে এসেছে । এই প্রসঙ্গেও কমিশনকে তোপ দাগেন মমতা।
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ গণতান্ত্রিক উপায়ে লড়াই করতে পারছে না বিজেপি। তাই পক্ষপাতদুষ্ট সংস্থাকে দিয়ে কাজ করাতে চাইছে। বাংলার মানুষ এর জবাব দেবে ।
