স্ত্রী ও বড় ছেলেকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর
কিউ ইন্ডিয়া বাংলা,উলুবেড়িয়া: পারিবারিক বিবাদের চরম পরিণতি। ঘুমের ঘোরে স্ত্রী ও বড় ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার বানিতলা এলাকায়। বর্তমানে অভিযুক্ত স্বামী ও তার ছোট ছেলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম প্রদীপ মুখোপাধ্যায়। তিনি মা, স্ত্রী অপর্ণা মুখোপাধ্যায় (৩৮) এবং দুই ছেলে প্রণব ও আবিরকে নিয়ে বানিতলায় থাকতেন। বেশ কিছুদিন ধরেই তাঁদের পরিবারে অশান্তি চলছিল। বৃহস্পতিবার সকাল থেকেও পরিবারের সদস্যদের মধ্যে দফায় দফায় বিবাদ হয়।
রাত গভীর হলে অপর্ণা দেবী তাঁর দুই ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। অভিযোগ, সেই সময় প্রদীপ ঘরের চালের টালি খুলে ভেতরে ঢোকেন। কিছু বুঝে ওঠার আগেই ঘুমন্ত স্ত্রী ও বড় ছেলে প্রণবের ওপর কাটারি নিয়ে ঝাঁপিয়ে পড়েন তিনি। এলোপাথাড়ি কোপে রক্তগঙ্গা বয়ে যায় ঘরে। ছোট ছেলে আবির প্রাণভয়ে পালানোর চেষ্টা করলে প্রদীপ তাকেও কোপাতে শুরু করেন।
নৃশংস এই কাণ্ড ঘটানোর পর প্রদীপ নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় চারজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা অপর্ণা মুখোপাধ্যায় ও বড় ছেলে প্রণবকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে প্রদীপ এবং তার ছোট ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রদীপের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং চরম মানসিক অবসাদ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড। তবে এর পেছনে অন্য কোনো গোপন কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
