বাংলায় মিম-এর সঙ্গে জোট বাঁধলেন হুমায়ুন কবীর, বড় ভাইয়ের আসনে ওয়েইসি
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এক নতুন রাজনৈতিক সমীকরণের সাক্ষী থাকল রাজ্য। জল্পনার অবসান ঘটিয়ে আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম (AIMIM)-এর সঙ্গে জোট ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টি-র প্রধান হুমায়ুন কবীর। বুধবার সকালে কলকাতায় ওয়েইসিকে পাশে বসিয়েই এই জোটের সিলমোহর দেন তিনি।
এদিন সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবীর আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করেন। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে: আগামী ১ এপ্রিল মুর্শিদাবাদের ভরতপুরে জোটের প্রথম সভা অনুষ্ঠিত হবে। ভরতপুরের সভায় এক লক্ষ মানুষের জমায়েত করার চ্যালেঞ্জ নিয়েছেন হুমায়ুন কবীর। আম জনতা উন্নয়ন পার্টি এবারের নির্বাচনে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্য়েই ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রাম ও ভবানীপুরের মতো হাই-ভোল্টেজ কেন্দ্রেও প্রার্থী দিচ্ছে হুমায়ুনের দল। স্বয়ং হুমায়ুন কবীর মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা—এই দুই কেন্দ্র থেকে লড়াই করবেন।
মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করেছে আম জনতা উন্নয়ন পার্টি। বাকি আসনগুলোর মধ্যে মিম-কে কতগুলি ছাড়া হবে, তা নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক মহলের মতে, মুসলিম ভোট নিজেদের দিকে টানতেই ওয়েইসির শরণাপন্ন হয়েছেন হুমায়ুন। এমনকি ভোট প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে ‘বাবরি মসজিদ’ নির্মাণের বিষয়টিও সামনে আনা হচ্ছে। রাজ্য রাজনীতিতে মিম পা রাখা মানেই বিরোধীদের মুখে সেই চেনা অভিযোগ— ‘বিজেপির বি টিম’। তৃণমূলের ভোটব্যাংকে থাবা বসিয়ে পরোক্ষভাবে বিজেপিকে সুবিধা করে দিতেই কি হুমায়ুন ও ওয়েইসির এই মেলবন্ধন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অলিন্দে।মঙ্গলবার রাতে দমদম বিমানবন্দরে ওয়েইসিকে উষ্ণ অভ্যর্থনা জানান হুমায়ুন। নিউটাউনের এক পাঁচতারা হোটেলে তাঁদের দীর্ঘ বৈঠকের পরই এই জোটের ঘোষণা বর্তমান নির্বাচনী আবহে এক নতুন মাত্রা যোগ করল।
