আজকের দিনেবাংলার আয়না

গ্যাস সিলিন্ডারে এলপিজির বদলে ভর্তি ১০ লিটার জল!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডীয়ায় বাংলা, ইসলামপুর: রান্নার গ্যাসের সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ গৃহিণীর! নীল শিখার বদলে বেরোচ্ছে হু হু করে জল। সিলিন্ডার উপুড় করতেই বালতি বালতি ঘোলাটে জল বেরোনোর এই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণপাড়ার বাসিন্দা শিখা ভট্টাচার্য দিন পাঁচেক আগে স্থানীয় একটি ইন্ডিয়ান গ্যাস ডিলার সংস্থা থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারটি নিয়ে এসেছিলেন। কয়েকদিন ব্যবহারের পরেই হঠাৎ ওভেন জ্বলা বন্ধ হয়ে যায়। শিখা দেবীর কথায়,”গ্যাস জ্বলা বন্ধ হয়ে যাওয়ায় আমি ডেলিভারি কর্মীকে খবর দিই। প্রথমে ভাবা হয়েছিল রেগুলেটর খারাপ। কিন্তু নতুন রেগুলেটর লাগিয়েও লাভ হয়নি। এরপর সিলিন্ডারটি ঝাঁকাতেই জলের শব্দ পাওয়া যায়। সন্দেহ হওয়ায় ওয়াশার খুলে উপুড় করতেই বালতি বালতি ঘোলাটে জল বেরোতে থাকে।” অভিযোগ, ১৪ কেজি ওজনের ওই সিলিন্ডারের ভেতরে প্রায় ১০ লিটার জল ভর্তি ছিল। এই দৃশ্য দেখে ভিড় জমান পাড়া-পড়শীরা। কীভাবে সিলিন্ডারের ভেতরে গ্যাসের বদলে এত পরিমাণ জল এল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

​ঘটনার খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসিত সেন। তিনি বিষয়টিকে অত্যন্ত ‘উদ্বেগজনক’ ও ‘প্রতারণা’ বলে আখ্যা দিয়েছেন। সংশ্লিষ্ট গ্যাস ডিলারের বিরুদ্ধে তিনি কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কাউন্সিলরের সাফ কথা, সাধারণ মানুষের জীবন ও পকেটের সাথে এই ধরণের ছিনিমিনি সহ্য করা হবে না। অন্যদিকে, ইসলামপুর শাখার গ্যাস ডিলার সন্তোষ বোস জানিয়েছেন, বিষয়টি এখনও তাঁর কাছে বিস্তারিতভাবে আসেনি। তবে অভিযোগ জমা পড়লে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *