তৃণমূলে ‘ঘরওয়াপসি’ প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের …….
কিউ ইন্ডিয়া বাংলা:- তৃণমূলে ফিরলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ২০২১ শের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে গিয়েছিলেন তিনি। কয়েক বছরের মধ্যে আবার তৃণমূলে ফিরলেন তিনি। ভোটের মুখে বসিরহাটে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার তথা প্রাক্তন বিধায়ক।
গতকাল ২১ শে ফেব্রুয়ারি শনিবার বসিরহাট জেলা তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। বিজেপি পর্ব শেষ করে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরলেন বাংলার এই প্রাক্তন ফুটবলার। তিনি বলেন, ‘গত চার বছরে রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে, যেখানেই আমন্ত্রণ পেয়েছি, থাকার চেষ্টা করেছি। ভুল তো হতেই পারে। আমি বসিরহাটের ভূমিপুত্র। এখান থেকেই ফুটবল খেলে দীপেন্দু বিশ্বাস হয়েছি। উন্নয়নের সঙ্গে থাকতে চাই।’
দীপেন্দুর তৃনমূল যোগ নতুন নয়, বেশ পুরানো । ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বসিরহাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে প্রথমবার তৃণমূলে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন তিনি। সেবার বিজেপির প্রার্থী শমীক ভট্টাচার্যের কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে যান তিনি। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে ওই আসন থেকে ফের তাকে টিকিট দেওয়া হয় । তিনি সেবার নির্বাচন জিতে বিধায়ক হন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে তিনি দল ছেড়েছিলেন। বিজেপিতে যোগ দিলেও সেখানে তার মন বেশি দিন টেকেনি। তারপর থেকে রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে। আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ এর আগে আবার তৃণমূলে প্রত্যাবর্তন করলেন কলকাতার তিন প্রধানের হয়ে খেলা প্রাক্তন এই ফুটবলার । তার যোগদান নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।
সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, সেখানে তাঁকে প্রার্থী করা হবে কি না এই বিষয়ে কিছু জানায়নি বসিরহাট জেলা তৃণমূল নেতৃত্ব। তবে বর্তমান বিধায়ক সপ্তর্ষি বলেন, ‘‘প্রাক্তন বিধায়ক ও স্বনামধন্য ফুটবলার আবারও তৃণমূলে যোগদান করেছেন। তাতে আমাদের দল আরও শক্তিশালী হল, তাঁকে নিয়েই আমরা বসিরহাটের উন্নয়নের কাজ করব।’’
