Football : শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাত ছাড়া ইস্টবেঙ্গলের !
কিউ ইন্ডিয়া বাংলা: – শেষ মুহূর্তে গোল খেয়ে নিশ্চিত জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের । নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত এক শূন্য গোলে এগিয়েছিল ইস্টবেঙ্গল । দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল শোধ করে কেরালা ব্লাস্টার্স। টানা তিন ম্যাচ জয় হাতছাড়া লাল হলুদ শিবিরের । পাঁচ ম্যাচ খেলে তাদের সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট ।
সেই পুরানো রোগ ফিরে এলো ইস্টবেঙ্গল এর । ভালো শুরু করেও সাফল্য ধরে রাখার ব্যর্থতা এবারেও লাল হলুদ শিবিরের সঙ্গী । আজকের ম্যাচে জয় পেতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। আক্রমণাত্মক ভঙ্গিতে ইস্টবেঙ্গল শুরু থেকে খেলা শুরু করে । ম্যাচের ১০ মিনিটেই গোল করা সুযোগ পায় লাল হলুদ শিবির । ডান দিকে বল পেয়েছিলেন এডমুন্ড লালরিনডিকা। বক্সে ঢুকে তিনি নিজে গোলে শট নেওয়ার বদলে পাস দেন বক্সে। সেখানে দাঁড়িয়ে থাকা ইউসেফ বল পায়ে লাগানোর আগেই কেরলের এক ফুটবলার তাঁকে ফেলে দেন। রেফারি হরিশ কুণ্ডু সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে ইউসেফ গোল করতে ভুল করেননি। গোল করার পরে যেখানে অস্কারের ছেলেদের আক্রমণের ঝাঁঝ বাড়ার কথা সেখানে তারা ঝিমিয়ে পড়ে । ক্রমশ ম্যাচের দখল নিতে শুরু করে, কেরালা ব্লাস্টার্স এফসি । ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগকে তারা পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছিল । একাধিক সুযোগ লাল হলুদ শিবিরের ফুটবলাররা তৈরি করলেও ফাইনাল থার্ডে গিয়ে কেরালার ডিফেন্ডাররা আটকে দেন।
নির্ধারিত ৯০ মিনিটে ইস্টবেঙ্গল ১-০ গোলেই এগিয়েছিল। সকালে যখন ভাবছিলেন লাল হলুদ শিবিরের জয় শুধু সময়ের অপেক্ষা সেখানেই আসে ম্যাচের টুইস্ট । নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার দু মিনিট পরে কর্নার থেকে প্রায় ফাঁকা অবস্থায় হেড করে কেরালা ব্লাস্টার্সের হয়ে সমতা ফেরান আজসল । হারতে থাকা ম্যাচে দলকে এক পয়েন্ট এনে দিলেন তিনি । আশ্চর্যের বিষয় আজসল গোল করার সময় ইস্টবেঙ্গলের চার পাঁচ জন ফুটবলার থাকা সত্ত্বেও তাকে কেউ খেয়াল করেনি । যার ফলে নিশ্চিত জয় মাঠে ফেলে আসতে হলো অস্কার ব্রুজোর দলকে।
এবারের আইএসএল ছোট ফরম্যাটের। যেখানে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ । বর্তমানে ইস্টবেঙ্গল ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট অর্জন করতে পেরেছে । লিগ শীর্ষে থাকা মোহনবাগানের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে লাল হলুদ শিবির । এবার বেঙ্গালুরুর বিরুদ্ধে মোহনবাগান আজকে জয় পায় সেই ব্যবধান আরো বাড়বে।
