নয়ডায় প্রথম চিপ কারখানার সূচনা….
কিউ ইন্ডিয়া বাংলা :- চিপ-শিল্পের মানচিত্রে এবার বড়সড় জায়গা করে নিল উত্তর ভারত। শুক্রবার গৌতম বুদ্ধ নগর জেলার যমুনা এক্সপ্রেসওয়ে শিল্পাঞ্চল সংলগ্ন ২৮ নম্বর সেক্টরে উত্তর ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই ঐতিহাসিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
শিল্পমহলের মতে, এই সেমিকন্ডাক্টর কারখানা গড়ে ওঠায় উত্তরপ্রদেশ তথা সমগ্র উত্তর ভারতের শিল্পোন্নয়নে নতুন গতি আসবে। এই প্রকল্পে বিপুল অঙ্কের বিনিয়োগ হচ্ছে এবং কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ফলে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে।
এদিনের অনুষ্ঠানে বিপুল মানুষের সমাগম হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ হাজার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতির কারণে গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। গ্রেটার নয়ডার ডিসিপি জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে ৩ জন ডিসিপি, ৫ জন এডিসিপি এবং ১৩ জন এসিপি-সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পিএসি বাহিনীকেও সতর্ক রাখা হয়।
যানজট এড়াতে আগে থেকেই ওই এলাকায় রুট ডাইভারশন করা হয়। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গোটা এলাকা নজরদারিতে রাখা হয়েছিল।
সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ তৈরির এই কারখানাকে দেশের ইলেকট্রনিক্স উৎপাদনে আত্মনির্ভরতার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে নয়ডা ও আশপাশের এলাকা আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ‘টেক হাব’ হিসেবে গড়ে উঠতে পারে।
