আজকের দিনেতিলোত্তমাবিশ্ব

অবশেষে দুবাই থেকে কলকাতায় এল বিমান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ-  ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জেরে গত চারদিন ধরে কার্যত বিচ্ছিন্ন ছিল দুবাই ও কলকাতার আকাশপথ। অবশেষে দীর্ঘ ১১৩ ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার ভোরে ফের চালু হলো বিমান পরিষেবা। দুবাই থেকে যাত্রী নিয়ে যেমন বিমান কলকাতায় এলো, তেমনই কলকাতা থেকেও যাত্রীরা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন।

​গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতির চরম অবনতি ঘটে। এর ফলে মধ্যপ্রাচ্যের আকাশপথ  অনিরাপদ হয়ে পড়ায় নিরাপত্তার খাতিরে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিমানবন্দরের পরিষেবা আংশিক বা পূর্ণাঙ্গভাবে স্থগিত রাখা হয়েছিল। ফলে কয়েক হাজার যাত্রী দুই দেশেই আটকে পড়েন।

​কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আজ ভোর রাত ২:৪০ মিনিটে ‘ফ্লাই দুবাই’-এর  একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান ১৩০ জন যাত্রী নিয়ে দমদম বিমানবন্দরে নামে। ফিরতি পথে ভোর ৩:৫৯ মিনিটে ওই একই বিমানে করে ৫৫ জন যাত্রী কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়ান দেন। উল্লেখ্য যে, এই রুটে শেষ বিমানটি উড়েছিল গত ২৮শে ফেব্রুয়ারি। দীর্ঘ ১১৩ ঘণ্টা পর আজই প্রথম পরিষেবা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া গেল।

​দুবাই বিমানবন্দরে গত কয়েকদিন ধরে কয়েকশো ভারতীয় যাত্রী আটকে ছিলেন। খাবারের সমস্যা এবং অনিশ্চয়তার মধ্যে কাটানো সেই দিনগুলো শেষে কলকাতায় ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই। অন্যদিকে, কলকাতা থেকে যারা কর্মক্ষেত্রে বা চিকিৎসার প্রয়োজনে দুবাই যেতে চেয়েছিলেন, তারা আজ এয়ারপোর্টে ভিড় জমান।

​বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ারলাইনসগুলো জানিয়েছে যে, পরিষেবা আংশিক চালু হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। এমিরেটস, এই এয়ারলাইনসটি আগামী ৭ই মার্চ পর্যন্ত তাদের নিয়মিত শিডিউল স্থগিত রেখেছে, তবে বিশেষ কিছু ‘রিপ্যাট্রিয়েশন’ বা যাত্রী ফেরানোর ফ্লাইট চালানোর পরিকল্পনা করছে। দোহা এবং আবুধাবি রুটের বিমান চলাচলও ধাপে ধাপে শুরু করার চেষ্টা চলছে।
​যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, এয়ারপোর্টে রওনা হওয়ার আগে যেন তারা অবশ্যই সংশ্লিষ্ট এয়ারলাইনসের থেকে বর্তমান ফ্লাইটের সময় জেনে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *