সরকারি দেওয়ালে প্রচার মুছতে গিয়ে আক্রান্ত নির্বাচন কমিশনের কর্মী
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে । আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হবে। রাজ্যে জারি রয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। কমিশনের নিয়ম অনুযায়ী এই সময় কোনো সরকারি জায়গায় রাজনৈতিক পোস্টার , ব্যানার কিছুই থাকবে না। সেইমত দুর্গাপুর পশ্চিম বিধানসভায় পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের তরফে দেওয়াল লিখন মুছতে গিয়ে আক্রান্ত নির্বাচন কমিশনের দুই কর্মী । অভিযোগের তীর শাসক দল তৃনমূলের দিকে।
সূত্রের খবর, দুর্গাপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত দুর্গাপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। সেখানে পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন করা হয় । অভিযোগ পেয়ে সেখানে যান নির্বাচন কমিশনের হয়ে কাজ করা দুই কর্মী। এই কাজ করার সময় তৃণমূলের কর্মী সমর্থকরা এসে বাধা দেন। ধাক্কাধাক্কি করে, এমনকী মারধরও করে বলে অভিযোগ। সেখানে চলে আসে বিজেপি কর্মীরা। তাদের সঙ্গেও তৃণমূল কর্মী সমর্থকদের বচসা শুরু হয়ে। দু-পক্ষের স্লোগান প্লাটা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। এই গোটা ঘটনাটি নির্বাচন কমিশনে জানাবে ওই দুই কর্মী। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের অবিলম্বে গ্রেফতার করার দাবিও জানানো হবে এমনটাই জানা গিয়েছে। আক্রান্ত সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার বিট্টু গুপ্ত বলেন, ‘আমরা দেওয়াল মোছার পর গাড়িতে উঠি। ওঠার পর তৃণমূল গাড়ি থেকে টেনে এনে মারধর করতে থাকে।’ যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।
এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচন এর প্রাক্কালে বিরোধী দলের কর্মীদের ওপর একাধিকবার একাধিক জায়গা থেকে হামলার অভিযোগ পাওয়া গিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা নজিরবিহীন ।
