Election Commission:আজই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা, বিকেলে সাংবাদিক বৈঠক ডাকলো কমিশন !
কিউ ইন্ডিয়া বাংলা :- অনেক প্রতীক্ষার পর অবশেষে আজ পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন । কমিশনের পক্ষ থেকে আজ বিকেল চারটের সময় সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে সেখানেই জানিয়ে দেওয়া হবে পাঁচ রাজ্যে ভোটের দিনক্ষণ । দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠকের উপস্থিত থাকবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের পুরো বেঞ্চ ।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে খবর আগেরবারের থেকে এবার বিধানসভা ভোটের দফা কম হতে পারে । পশ্চিমবঙ্গে বিধানসভা সহ গত কয়েকটি নির্বাচনে পশ্চিমবঙ্গের ছয় থেকে সাত দফায় ভোটের আয়োজন করা হয়েছিল । এবার সেটা কমে সর্বোচ্চ দুই থেকে তিন দফায় ভোট হওয়ার সম্ভাবনা বঙ্গে । প্রথম দফার ভোট হবে নববর্ষের পরে । বিগত দিনে নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পর্যবেক্ষক নিয়োগ করা হবে । অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর । বিগত কয়েকদিন আগেই রাজ্যে এসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একাধিক জায়গায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন কমিশন চায় হিংসাবিহীন এবং অবাধ নির্বাচন করাতে সেই পরিকল্পনা মত নির্বাচনে দফার সংখ্যা কমানোর সম্ভাবনা ।
উল্লেখ্য পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। এস আই আরে এখনো পর্যন্ত কয়েক লক্ষ নাম বিবেচনাধীন হিসেবে রয়েছে । ২৮ এ ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশন জানিয়েছিল ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়নি। ৬০ লক্ষের বেশি ভোটারের নাম বিবেচনাধীন অবস্থায় ছিল এখনো পর্যন্ত সিংহভাগ ভোটারের তালিকা নিষ্পত্তি হওয়া বাকি । কমিশন এই পরিস্থিতিতে জানিয়েছে যে সকল ভোটারদের নাম নির্বাচনের আগে নিষ্পত্তি হয়ে যাবে তারা ভোট দিতে পারবেন । এবার আরো একটা আলোচ্য বিষয় হল নববর্ষের আগে যদি প্রথম দফার ভোট হয় তার আগে সকল বিচারাধীন ভোটারের নাম নিষ্পত্তি হবে কিনা তা এখনো অস্পষ্ট । কমিশন এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানাতে পারেনি, কবেকার মধ্যে ভোটার তালিকা সম্পূর্ণ যাচাইকরন সম্ভব হবে ।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির নির্বাচনের সূচি ঘোষণা করবে কমিশন । গত কয়েকদিন আগেই রাজ্যে যখন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল তখনই পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলি বিজেপি সিপিএম একযোগে জানিয়েছিল কম দফায় ভোট করার জন্য এখনো পর্যন্ত বিরোধীদের দাবি মেনে নেওয়ার সম্ভাবনার কথা উঠে আসছে ।
