আজকের দিনেভারত

‘প্রচণ্ড’-এ সওয়ার দ্রৌপদী মুর্মু, দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ফের ইতিহাস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আরও এক ঐতিহাসিক নজির গড়লেন দ্রৌপদী মুর্মু। বায়ুসেনার রাফালে যুদ্ধবিমানে চড়ার পর এবার তিনি সওয়ার হলেন লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ) ‘প্রচণ্ড’-তে। শুক্রবার রাজস্থানের জয়সলমেরে ভারত-পাক সীমান্তের কাছে বায়ুসেনাঘাঁটি থেকে উড়ান ভরে এই অত্যাধুনিক হেলিকপ্টার।

দু’দিনের সফরে বৃহস্পতিবার রাজস্থানে পৌঁছন রাষ্ট্রপতি। শুক্রবার বায়ুসেনার ‘বায়ু শক্তি’ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা তাঁর। তার আগেই সকালে ‘প্রচণ্ড’-এ চড়ে বিশেষ উড়ান নেন তিনি। এদিন তাঁর পরনে ছিল বায়ুসেনার পোশাক। বায়ুসেনাঘাঁটিতে তাঁকে স্বাগত জানান বায়ুসেনা প্রধান এ পি সিং। হেলিকপ্টারে উঠে সহকারী পাইলটের আসনে বসেন রাষ্ট্রপতি এবং উড়ানের আগে হাত নেড়ে অভিবাদন জানান উপস্থিত সকলকে।

ককপিটে বসেই আত্মনির্ভর ভারতের বার্তা দেন তিনি। রাষ্ট্রপতির কথায়, “প্রচণ্ড হেলিকপ্টার আত্মনির্ভরতার একটি শক্তিশালী প্রতীক। এই মুহূর্তে আমি জয়সলমেরের উপর দিয়ে উড়ছি। আমাদের সাহসী জওয়ানদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইল। জয় হিন্দ, জয় ভারত।”

উল্লেখ্য, এর আগেও তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ডেসাল্ট রাফেল যুদ্ধবিমানে সওয়ার হয়ে ইতিহাস গড়েছিলেন। এছাড়া ২০১৩ সালের ৮ এপ্রিল অসমের তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে সুখোই এসইউ-৩০এমকেই-তেও উড়ান নিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয় ‘প্রচণ্ড’ এলসিএইচ। এর নির্মাতা সংস্থা হিন্দুস্তান এ্যারেনাউটিস লিমিটেড(হ্যাল)। প্রায় ৫ হাজার মিটার বা ১৬ হাজার ফুট উচ্চতায় সাবলীলভাবে উড়তে সক্ষম এই হেলিকপ্টার সিয়াচেন ও লাদাখের মতো দুর্গম উচ্চভূমিতে নজরদারি ও অভিযানে বিশেষ কার্যকর। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে নিখুঁত নিশানায় মিসাইল নিক্ষেপে সক্ষম ‘প্রচণ্ড’-তে রয়েছে ইন্টিগ্রেটেড ডেটা চিপও, যা নেটওয়ার্ক-কেন্দ্রিক যুদ্ধপরিস্থিতিতে সেনাকে বাড়তি কৌশলগত সুবিধা দেবে বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *