আজকের দিনেভারতযেদিকে দু-চোখ যায়

নব রূপে ফিরল দোতলা বাস: ইলেকট্রিক চাকা ঘুরছে রাজধানী দিল্লিতে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দোতলা বাস মানেই এক অন্যরকম নস্টালজিয়া। বিশেষ করে শহর কলকাতার প্রবীণ প্রজন্মের কাছে দোতলা বাস শুধু যানবাহন ছিল না, ছিল শহর দেখার এক আলাদা অভিজ্ঞতা। উঁচু আসনে বসে রাস্তার ব্যস্ততা, ট্রামের ঘণ্টা, ভিক্টোরিয়ার পাশ দিয়ে হাওয়া খাওয়া সব মিলিয়ে দোতলা বাস ছিল শহুরে জীবনেরই অংশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা হারিয়ে যায় কলকাতার রাস্তা থেকে। শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য শহর থেকেও ধীরে ধীরে উধাও হয়ে যায় দোতলা বাস।

তবে ইতিহাস যেন আবার ঘুরে দাঁড়াচ্ছে। নতুন রূপে, নতুন প্রযুক্তিতে ফিরছে দোতলা বাস। এবার আর ধোঁয়া উড়িয়ে নয়, বরং পরিবেশবান্ধব বৈদ্যুতিক শক্তিতে। আধুনিক নকশা, আকর্ষণীয় বাহ্যিক রূপ এবং ভেতরে আরামদায়ক আসন, এয়ার কন্ডিশনিং, ডিজিটাল তথ্য ব্যবস্থা সব মিলিয়ে এই বাসগুলি মূলত পর্যটনকে কেন্দ্র করেই তৈরি। শহর দেখার অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ।

রাজধানী দিল্লি-তেও শুরু হল এমনই এক উদ্যোগ। ‘দেখো মেরি দিল্লি’ নামে পর্যটনমুখী ইলেকট্রিক দোতলা বাস পরিষেবা চালু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হচ্ছে নগর দর্শন। বাসের ভাড়া ধার্য হয়েছে ৫০০ টাকা, এর সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ জিএসটি। ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য ভাড়া ৩০০ টাকা, সঙ্গে ৫ শতাংশ জিএসটি। ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য যাত্রা সম্পূর্ণ বিনামূল্যে।

এই পরিষেবার উদ্বোধন করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। হিন্দুজা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে পিপিপি মডেলে এই প্রকল্প বাস্তবায়ন করেছে দিল্লি পর্যটন দফতর। প্রতিদিন দিল্লি হাট থেকে যাত্রা শুরু করে বাসটি পর্যটকদের ঘুরিয়ে দেখাবে রাজধানীর গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলি রাষ্ট্রপতি ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক, ইন্ডিয়া গেট, ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম এবং ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল।

অতীতের স্মৃতি আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এই দোতলা বাস যেন নতুন করে শহর দেখার আমন্ত্রণ। পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে, পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতেই রাজধানীতে এই নব উদ্যোগ এখন সবার নজর কাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *