ইডেনে ‘ডু অর ডাই’ লড়াই, টিকিটে কালোবাজারির আগুন
কিউ ইন্ডিয়া বাংলা :- সুপার এইটের রুদ্ধশ্বাস লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে উড়িয়ে দিয়ে বড় বার্তা দিয়েছে সাউথ আফ্রিকা ন্যাশানাল ক্রিকেট টিম। সেই ফলেই সেমিফাইনালের সমীকরণ এখন অনেকটাই পরিষ্কার ইন্ডিয়া ন্যাশানাল ক্রিকেট টিম এর সামনে। জিম্বাবোয়েকে হারিয়ে নতুন অক্সিজেন পেয়েছেন সূর্যকুমার যাদবরা।
রবিবার ইডেন গার্ডেনস-এ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। ‘ডু অর ডাই’ লড়াই ঘিরে এখন থেকেই ফুটছে তিলোত্তমা। ইডেন ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে, আর সেই সুযোগে খোলাবাজারে দেদার কালোবাজারির অভিযোগ উঠছে।
গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ না পাওয়ায় কলকাতার সমর্থকদের আক্ষেপ ছিলই। তাই সুপার এইটের এই মহারণে প্রিয় দলকে দেখার সুযোগ হাতছাড়া করতে নারাজ ভক্তরা। শনিবার ময়দান চত্বরে দেখা গেল উপচে পড়া ভিড় অনেকেই ভোর থেকে লাইনে।
চাহিদা আকাশছোঁয়া হতেই ঝোপ বুঝে কোপ মারছে কালোবাজারি চক্র। সূত্রের খবর, লোয়ার টিয়ারের টিকিট ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার সেই দাম ৫০ হাজার ছুঁতে পারে বলেও আশঙ্কা। আপার টিয়ারের টিকিট ২০-২৫ হাজারে বিক্রির অভিযোগ। ৯০০ টাকার টিকিট ৫-৭ হাজারে, এমনকি ১০ হাজার টাকাতেও বিকোচ্ছে বলে জানা গিয়েছে।
প্রথম দফার টিকিট ইতিমধ্যেই শেষ। দ্বিতীয় দফার টিকিট এখনও অনলাইনে মিলছে না ওয়েবসাইটে টিকিট কাটার অপশনও দেখা যাচ্ছে না। ফলে ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা।
রবিবারের ম্যাচ দুই দলের কাছেই কার্যত কোয়ার্টার ফাইনাল জিতলেই সেমি, হারলেই বিদায়। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে আত্মবিশ্বাসী ভারত। এবার লক্ষ্য ক্যারিবিয়ান বধ।
গতবারের চ্যাম্পিয়নদের খেলা দেখতে যে ইডেন গার্ডেনস সেদিন হাউসফুল থাকবে, তা বলাই বাহুল্য। ক্রিকেটের নন্দনকাননে রবিবার যেন উৎসবের আবহ।
