উদ্ধার প্রৌঢ়ের পচাগলা দেহ
কিউ ইন্ডিয়া বাংলাঃ- ভরদুপুরে তীব্র পচা গন্ধে ঢাকল এলাকা, আর সেই গন্ধের উৎস খুঁজতে গিয়েই উদ্ধার হলো এক প্রৌঢ়ের পচা-গলা মৃতদেহ। শুক্রবার দুপুরে সল্টলেকের জিসি ব্লকের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম সুজয় দত্ত (৫৭)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ জিসি ব্লকের ৫৪ নম্বর বাড়িটি থেকে একটি উৎকট পচা দুর্গন্ধ বেরোতে শুরু করে। সময় যত গড়াতে থাকে, গন্ধের তীব্রতা তত বাড়তে থাকে। এতেই সন্দেহ দানা বাঁধে প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের মনে। খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তালাবন্ধ বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখা যায় সুজয়বাবুর নিথর দেহ পড়ে রয়েছে। দেহটিতে ইতিমধ্যেই পচন ধরেছে। পুলিশ দ্রুত দেহটি উদ্ধার করে প্রাথমিক পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
কীভাবে ওই প্রৌঢ়ের মৃত্যু হলো, তা নিয়ে বর্তমানে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান,দেহের অবস্থা দেখে মনে করা হচ্ছে, বেশ কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
দীর্ঘক্ষণ বদ্ধ অবস্থায় থাকায় দেহে পচন ধরে চরম দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হবে। এটি স্বাভাবিক অসুস্থতাজনিত মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশীদের দাবি, সুজয় বাবু দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বিয়ে করেননি। বাড়িতে একাই থাকতেন। কিন্তু হঠাৎ তাঁর এই পরিণতি কী করে তা ভাবাচ্ছে পুলিশকে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
