পুরানো কেন্দ্র খড়্গপুরে ফিরতেই আবারো চেনা মেজাজে দাবাং দিলীপ
কিউ ইন্ডিয়া বাংলা :- আবারো পুরানো মেজাজে বিজেপি নেতা দিলীপ ঘোষ। আসন্ন বিধানসভা নির্বাচনে তার পুরানো কেন্দ্র খড়গপুর সদর থেকে তিনি প্রার্থী হয়েছেন । আজ ২৩শে মার্চ ভোটের প্রচারে বেরিয়েই পুলিশকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিলেন তিনি। একদম সেই পুরানো স্টাইল দেখা গেল আবারো ।
খড়গপুর সদর কেন্দ্রে প্রচার সেরেছেন দিলীপ ঘোষ । সেখানেই এক মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন “এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব। শালা, তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।” তাঁর আরও হুঁশিয়ারি, ”আমি বলছি, অনেক বড় বড় গুন্ডা দেখেছি। এই খড়গপুরে সব ডাকাতদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছি। তৃণমূলের নেতারা এসব গুন্ডা, মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে। এখনও এদের সঙ্গে নিয়ে চলছে। দিলীপ ঘোষ এদের চোখে চোখ রেখে কথা বলেছে আগেও করব। বুক চওড়া করে থাকব, কতগুলি বন্দুক কাছে দেখব। এইসব দাদাগিরি আমাদের দেখাবে না।” এখানেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি থেমে থাকেননি । তিনি আরো বলেন ” আগে খড়গপুরে সাধারণ মানুষ দিলীপ ঘোষ কে জিতিয়েছিল, সমস্ত গুন্ডাদের হিসাব কিতাব সমান করেছিলাম । আগামী দিনেও এমন হিসাব করবো যে হিসাব মেলাতে পারবেন না । খড়্গপুরে এসব চলবে না” ।
প্রসঙ্গত রাজনীতিতে অভিষেক হওয়ার পরেই ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার খড়গপুর সদর আসনের প্রতিদ্বন্দ্বিতা করে জিতে বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ । ২০১৯ সালে তিনি সাংসদ হন । উপনির্বাচনে হারে বিজেপি । আবারো ২০২১ সালে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জেতেন হিরন চট্টোপাধ্যায় । এইবার আবার পুরনো কেন্দ্রে ফিরেছেন দিলীপ ঘোষ, দেখার অপেক্ষায় পুরানো ফলাফল তিনি ফিরিয়ে আনতে পারেন কিনা ?
