DA-CM : বকেয়া পুরনো ডিএ দেওয়া শুরু মার্চ মাস থেকেই, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের !
কিউ ইন্ডিয়া বাংলা:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া শুরু হচ্ছে। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগেই বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, চলতি মার্চ মাস থেকেই ডিএ দেওয়া শুরু হচ্ছে। রবিবারই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করা হবে। তার ঠিক আগে এই ঘোষণা রাজ্যে আলোড়ন ফেলে দিয়েছে ।
আজ ভোট ঘোষণার ঠিক ৪০ মিনিট আগে ঘোষণাটি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে । মার্চ থেকেই মিলবে বকেয়া ডিএ, জানালেন মুখ্যমন্ত্রী। ২০০৯ সালের ROPA অনুযায়ী বকেয়া DA দেবে রাজ্য সরকার। আজ ১৫ মার্চ রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী লেখেন, “আমি মা-মাটি-মানুষের সরকারের পক্ষ থেকে যে প্রতিজ্ঞা করেছিলাম তা রেখেছি। সমস্ত কর্মচারী, পেনশনভোগী এবং কয়েক লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মীচারী ছাড়াও সকল পঞ্চায়েত, মিউনিসিপ্যালটি এবং অন্যান্য দফতরের কর্মীদের ক্ষেত্রেও এই ভাতা কার্যকর হবে” ।এই রায় প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান ““এটা বলে দেওয়া উচিত ছিল, সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিচ্ছে। এটা বললে আমরা বেশি খুশি হতাম। রাজ্য সরকার যে নোটিফিকেশন দিয়েছিল, তাতে বলা হচ্ছিল, সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা পাবেন। যদি এটার কোনও অমান্য হয়, তাহলে গোটা রাজ্য অচল করার দিকে যাব। পরশু দিনই ধর্মঘট হয়েছে, আজকের ঘোষণা, সেই ধর্মঘটের সফলতাকেই ব্যক্ত করছে। এটা চাপের বহিঃপ্রকাশ। একদিকে সুপ্রিম কোর্ট, একদিকে আন্দোলনের চাপ।”
শেষ মুহূর্তে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও সিদ্ধান্ত নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি কটাক্ষ করতে ছাড়েনি। শেষ মুহূর্তের গিমিক বলছে তারা ।
