DA : ডিএ রায় না মানলে বেনজির আন্দোলন, হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের ….
কিউ ইন্ডিয়া বাংলা :- মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশের পরই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াল সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ চাঁচাছোলা ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, সুপ্রিম কোর্টের রায় মানতে রাজ্য সরকার গড়িমসি করলে রাজ্যজুড়ে নজিরবিহীন আন্দোলনে নামবেন তাঁরা। তাঁর দাবি, ডিএ-র এই লড়াই শুধুমাত্র আর্থিক দাবির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বাঙালির অস্মিতা ও জাতিসত্তার লড়াই।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতার অন্তত ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে দিতে হবে। পাশাপাশি বাকি ৭৫ শতাংশ ডিএ প্রদান সংক্রান্ত বিষয়ে রাজ্যের আর্থিক অবস্থান খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠনের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। ওই কমিটিকে আগামী ১৫ মে রিপোর্ট জমা দিতে হবে। ওই দিনই ফের মামলার শুনানি হবে। এছাড়াও ডিএ বাবদ এরিয়ার বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এই রায়ের পর প্রতিক্রিয়া জানিয়ে ভাস্কর ঘোষ বলেন, “পঞ্চম পে কমিশনের মহার্ঘ ভাতা নিয়ে আমাদের এই দীর্ঘ লড়াই। সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার যদি এই নির্দেশ মানতে অস্বীকার করে বা টালবাহানা করে, তাহলে আমরা বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হব।” তিনি আরও জানান, বাকি ৭৫ শতাংশ ডিএ নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, তার রিপোর্টের উপরই পরবর্তী শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এই আন্দোলন কেবল ডিএ বৃদ্ধি বা বকেয়া মেটানোর দাবিতে সীমাবদ্ধ নয়। ভাস্কর ঘোষের কথায়, “এটা রাজ্যের প্রতিটি স্তরের খেটে খাওয়া মানুষের লড়াই। অন্যান্য রাজ্যের কর্মচারীদের তুলনায় এ রাজ্যের শ্রমজীবী মানুষ অর্ধেক বেতনে কাজ করছেন। এই লড়াই বাঙালির অস্মিতা ও বাঙালির জাতিসত্তার লড়াই
