খেলাবিশ্বভারত

Cricket :সুপার এইটের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ল ভারত ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- সুপার এইটের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমিফাইনালের আগে চাপে সূর্যবাহিনী। ৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এইডেন মার্করাম- ডেভিড মিলাররা রুখে দিল টিম ইন্ডিয়ার বিজয়রথ ।স্পিনারদের ব্যর্থতা ও ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন শট এর কারণে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখল গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

আজকে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে দ্রুত তিন উইকেট হারালেও ডেভিড মিলার প্রোটিয়াদের ইনিংসের হাল ধরেন । তাকে যোগ্য সঙ্গ দেন ডেওয়াল্ড ব্রেভিস । এই দুই ব্যাটারের মধ্যে ৯৭ রানের জুটি তৈরি হয় । অবলীলায় একের পর এক বল বাউন্ডারি পার করে দিচ্ছিলেন মিলার ও ব্রেভিস । ডেভিড মিলার ৬৩ ও ডেওয়াল্ড ব্রেভিস ৪৫ রান করেন । আর এক ব্যাটার ট্রিস্টান স্ট্যাবস ৪৪ রান করেন । নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় স্পিন আক্রমণ আজকের ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৪৭ রান খরচ করে ফেলেন , উইকেট নেন মাত্র একটি । অপর স্পিনার ওয়াশিংটন কোনো উইকেট পাননি। হার্দিক পাণ্ডিয়া ৪৫ রান খরচ করে ফেলেন নিজের ৪ ওভারে । শুধু অর্শদীপ ও বুমরা ভালো বল করতে পেরেছেন আজকের ম্যাচে। নয়তো দক্ষিণ আফ্রিকার রানের গণ্ডি ২০০ ছাড়িয়ে যেত।

রান তাড়া করতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত । ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। দুর্দান্ত ফর্মে থাকা ইশান আজকে ব্যর্থ হন। তিলকও ফিরে যান রানের খাতা না খুলে ।আজকের ম্যাচে অভিষেক শর্মা রানের খাতা খুললেও তার ইনিংস বেশি দূর এগোয়নি । তার সংগ্রহ মাত্র ১৫ রান। ভারতের কোনো ব্যাটার আজকে চালিয়ে খেলতে পারেননি । সর্বোচ্চ ৪২ রান করেছেন শিবম দুবে , এই ইনিংস খেলতে ৩৭ বল নিয়েছেন । টপ অর্ডার থেকে মিডল অর্ডার পুরোপুরি ফ্লপ হয়। ২০ ওভার শেষ হওয়ার আগে ভারত ১১১ রানে অলআউট হয়ে যায়। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন মার্কো জানসেন । তিনটি উইকেট পান কেশব মহারাজ ।

সুপার এইটের পরবর্তী দুটি ম্যাচে ভারতকে জিততে তো হবেই , তার সঙ্গে জয়ের ব্যবধানও বেশি রাখতে হবে । দক্ষিণ আফ্রিকার সামনে ভারতীয় ব্যাটিং এর কঙ্কালসার চেহারা যেভাবে প্রকাশ্যে এল কোচিং টিমকে আরো বেশি নজর দিতে হবে এই সমস্যাগুলি সমাধানের জন্য। সুপার এইটে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ গুলিতে জয় না পেলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে গতবারের চ্যাম্পিয়নদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *