Cricket : টি-২০ বিশ্বকাপ আয়োজনের জন্য সম্পূর্ণ তৈরি ইডেন,সবুজ সংকেত আইসিসির…
কিউ ইন্ডিয়া বাংলা:- আসন্ন পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন উপলক্ষে ইডেন গার্ডেনের পরিকাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। গতকাল ২২ শে জানুয়ারি বৃহস্পতিবার আইসিসি জানিয়েছে, ঐতিহাসিক এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। যেহেতু ইডেনে টি টোয়েন্টি বিশ্বকাপ এর ম্যাচ আছে তারই প্রস্তুতির অংশ হিসেবে আইসিসি এবং বিসিসিআই-এর একটি যৌথ পরিদর্শক দল ইডেন গার্ডেনে এসে সরেজমিনে পরিদর্শন করে। তারা মাঠের অবস্থা, পিচ, কর্পোরেট বক্স এবং দর্শকদের জন্য থাকা অন্যান্য সুযোগ-সুবিধা খুঁটিয়ে দেখে। সমস্ত বিষয় পর্যবেক্ষণের পর কলকাতার প্রাচীন এই স্টেডিয়ামের সব দিক নিয়ে সন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় যে, আইসিসির প্রতিনিধি দল ঐতিহাসিক ইডেন গার্ডেন্সের পরিকাঠামো দেখে খুশি হয়েছে। তারা জানিয়েছে, একটি সফল বিশ্বকাপ আয়োজনের জন্য ইডেন গার্ডেন সম্পূর্ণ উপযুক্ত।
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ ক্রিকেটের নন্দনকাননে হওয়ার কথা রয়েছে । উদ্বোধনী দিনের তিনটি ম্যাচের মধ্যে একটি হতে পারে কলকাতায় । সুপার এইট ও একটি সেমিফাইনাল ম্যাচও ঐতিহাসিক ইডেনে আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে । এবার যদি পাকিস্থান সেমিফাইনালে ওঠে তাহলে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচ । শীতের শেষ লগ্নে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কলকাতার ক্রিকেটপ্রেমী দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে ।
